স্টেটসম্যানের প্রধান সম্পাদক ইরানি মারা গেছেন
ভারতের ঐতিহ্যবাহী ইংরেজি দৈনিক স্টেটসম্যানের প্রধান সম্পাদক সিআর ইরানি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর।
ডাক্তাররা জানান, ইরানি দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন এবং শনিবার কলকাতার একটি হাসপাতালে মারা যান। সত্তরের দশকে ভারত সরকার সংবাদপত্রের স্বাধীনতার ওপর সেন্সরশীপ আরোপ করলে তিনি ছিলেন তার কড়া সমালোচক। তিনি এর প্রতিবাদে স্টেটসম্যান পত্রিকায় প্রতিবেদন ও ছবি প্রকাশ না করে পুরো পত্রিকা ফাঁকা রাখেন।
ইরানি ভারতের প্রেস ইনস্টিটিউটের সভাপতি ছিলেন। এছাড়া তিনি প্রথম ভারতীয় নাগরিক যে ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউটের চেয়ারম্যান হওয়ার গৌরব অর্জন করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিনকন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার সকালে স্টেটসম্যান অফিসে তার মরদেহ নিয়ে যাওয়া হয়। সেখানে তার সতীর্থরা শেষবারের মতো ইরানির প্রতি শ্রদ্ধা জানান। স্টেটসম্যান হাউজ থেকে বিকলে চারটায় তার মরদেহ রাওয়ান ঘরে পার্সি ধর্মাবলম্বিদের প্রার্থনার জন্য নিয়ে যাওয়া হবে এবং বেলিয়াঘাটার টাওয়ার অব সাইলেন্সে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
