‘৪৮ ঘন্টার মধ্যে শিক্ষক সমিতির বক্তব্য প্রত্যাহার, অন্যথায় আবারো আন্দোলন’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা হলের শিক্ষার্থীদের বিরুদ্ধে শিক্ষক সমিতির দেওয়া ৭২ ঘন্টার আল্টিমেটামের বিরুদ্ধে পাল্টা এক সংবাদ সম্মেলন করেছেন হলের ছাত্রীরা।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে শিক্ষার্থীরা ৪৮ ঘন্টার মধ্যে শিক্ষকদের দেওয়া বক্তব্য এবং অভিযুক্ত ২১ জন ছাত্রীর নাম প্রত্যাহার করার আহ্বান জানান। তারা বলেন, অন্যথায় আবারো গড়ে তোলা হবে দুর্বার আন্দোলন।
এতে উপস্থিত ছিলেন শতাধিক শিক্ষার্থী। তবে হয়রানী এড়াতে আন্দোলনরত শিক্ষার্থী নেত্রীরা সংবাদ সম্মেলনে নিজেদের নাম প্রকাশ করেন নি।
সংবাদ সম্মেলনে তারা বলেন, আবাসিক শিক্ষিকারা তাদের বিরুদ্ধে অশোভন আচরণের যে অভিযোগ এনেছেন তা সত্য নয়। একইসঙ্গে এটি কোনো স্বার্থান্বেষী মহলের চক্রান্ত নয়। এটি হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন। এর পেছনে কোনো রাজনৈতিক উস্কানী নেই।
এদিকে ছাত্র ফেডারেশন এবং ছাত্র ইউনিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষক সমিতির দেওয়া আল্টিমেটামের প্রতিবাদ জানিয়েছে। বিজ্ঞপ্তিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়।
