২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও ২০,০০০ জনের টেলিটক লটারি বিজয়

টেলিটকের আরও ২০ হাজার লটারি বিজয়ীর কথা ঘোষণা করা হয়েছে। ঢাকা জোনের পুরনো ফরম পূরণকারীদের মধ্যে এ লটারি শনিবার অনুষ্ঠিত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2005, 07:20 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

৩ লক্ষ ৮০ হাজার আবেদনকারীর মধ্যে কম্পিউটারাইজড এ লটারি নগরীর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। টেলিটক কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন, রোববারের মধ্যে তাদের ইন্টারনেট ওয়েবসাইটের মাধ্যমে বিজয়ীদের ট্র্যাক নম্বরসহ ফলাফল প্রদর্শন করবে। সিম বিতরণের স্থান এবং তারিখ এক সপ্তাহের জানানো হবে।

ওয়েবসাইট ঠিকানা হল-

http://gold.teletalk.com.bd এবং http://silver.teletalk.com.bd

লটারি বিজয়ীদের তালিকা বিডিনিউজ’র ওয়েবসাইট www.bdnews24.com এ-ও পাওয়া যাবে।

বিজয়ীরা রাজধানীর সিটি ব্যাংক, বেসিক ব্যাংক, প্রাইম ব্যাংক এবং ঢাকা ব্যাংকের ৫৩টি শাখা থেকে সিম সংগ্রহ করতে পারবেন।

লটারি বিজয়ীদের মধ্যে রয়েছেন-২৯ জন বিচারক, ৩,৭৭১ জন সরকারী, আধা সরকারী ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা, ৪৯৫ জন সশস্ত্র বাহিনী সদস্য, ১২৯ জন পুলিশসহ অন্যান্য নিরাপত্তা সংস্থার সদস্য, ৪২৩ জন সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলীসহ বিভিন্ন পেশাজীবী ৩,৯৪০ জন, ১৩৪ জন সিআইপি এবং ১০,৫৭৮ জন অপেশাদার (ক্যাটাগরি-১, প্রমাণসহ)। এছাড়াও রয়েছেন ৫০০ অপেশাদার (ক্যাটাগরি-২, প্রমাণ ছাড়া)।

লটারি অনুষ্ঠানে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক এম ওবায়দুল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক ড. এএম চৌধুরী। এতে আরও বক্তব্য রাখেন টেলিটকের মহাব্যবস্থাপক (মানব সম্পদ) কবির হাসান।

টেলিটকের মহাব্যবস্থাপক (বহিঃসমন্বয়) আমিনুল ইসলাম লটারি অনুষ্ঠান পরিচালনা করেন।

এসময় টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, সিমের স্বল্পতা হেতু ঝামেলা এড়াতে আমরা লটারির মাধ্যমেই সংযোগ প্রদান করছি।

তিনি আরও বলেন, টেলিটক ভবিষ্যতে সকল গ্রাহকের চাহিদা পূরণে সক্ষম হবে।

লটারি অনুষ্ঠান পরিচালনার জন্যে কম্পিউটার নিয়ন্ত্রিত র‌্যানডম নাম্বার সিস্টেম সফটওয়্যারটি তৈরি করেছে নিউ এজ সফটওয়্যার গ্রুপ।

প্রত্যেক লটারি বিজয়ীকে তিনশ’ টাকার একটি রিচার্জ কার্ডসহ সিম কার্ডের জন্যে মোট ২ হাজার ৭শ’ টাকা পরিশোধ করতে হবে।

বর্তমানে টেলিটকের গ্রাহক সংখ্যা প্রায় ৭০ হাজার, যার মধ্যে প্রথম পর্যায় থেকে এ পর্যন্ত ৪৭ হাজার গ্রাহক তাদের সিম তুলেছেন।

এর আগে ২২ মে অনুষ্ঠিত লটারিতে ৪ লক্ষ ৩৩ হাজার ৪৬১ জন আবেদনকারীর মধ্য থেকে ৫০ হাজার জনকে বাছাই করা হয়। প্রথম পর্যায়ের সিম বিতরণ শুরু হয়েছিল ৪ জুন।