মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়ার পেইন কিলার বাজারে
দেশের শীর্ষস্থানীয় কয়েকটি ওষুধ কোম্পানি শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর একটি ব্যাথা নাশক ওষুধ উৎপাদন ও বাজারজাত করছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ফুড এণ্ড ড্রাগ এডমিনস্ট্রেশন’র (এফডিএ) পরামর্শ মেনে ওষুধটির প্রধান উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার ইনকরপোরেটেড তা বাজারজাতকরণ বন্ধ করে দিয়েছে।
চলতি বছরের এপ্রিলের সাত তারিখে এফডিএ’র রিপোর্ট অনুযায়ী ফাইজার ‘বেক্সটা’র (জেনরিক নাম ভালডিকক্সিব) ওপর থেকে তাদের গবেষণামূলক উৎপাদন প্রত্যাহার করে নেয়।
স্থানীয় ওষুধ কোম্পানির কর্মকর্তারা জানান, ‘ভালডিকক্সিব’ সেবনের ফলে রোগীর হার্ট অ্যাটাকের ঝুঁকি বেডে যেতে পারে, ব্যাপারটি তারা জানেন। কিন্তু ওষুধ প্রশাসন অধিদপ্তর তাদের ওপর কোনও নিষেধাজ্ঞা আরোপ না করায় বর্তমানে তারা বিভিন্ন ব্র্যাণ্ডের নামে ওই ওষুধ বাজারজাত করছেন।
বাংলাদেশে বিশেষ আর্থরাইটিস এবং হার্ট অ্যাটাক সংক্রান্ত ব্যথার ক্ষেত্রে এই ওষুধ ব্যবহৃত হয়।
অন্যদিকে ওষুধ প্রশাসন অধিদপ্তরের শর্ষস্থানীয় কর্মকর্তারা জানান, তারা জানেন যে ওষুধটি শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। কিন্তু তারা যুক্তরাষ্ট্রের এফডিএ’র সুপারিশ মেনে চলেন না। তারা মানেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র সুপারিশ। আর তাই এ ব্যাপারে তারা উদ্বিগ্ন নন।
ওষুধ প্রশাসনের পরিচালক হাবিবুর রহমান বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওষুধটি বাজারজাতকরণ প্রত্যাহার করতে সুপারিশ করলে আমরা প্রত্যাহার করে নেব।
বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে ১০ মিলিগ্রাম ও ২০ মিলিগ্রামের ক্ষমতা সম্পন্ন ব্যাথা নাশক ওষুধটি বাজারজাত করছে।
স্কয়ার ফার্মাসিউটিক্যাল ‘এক্সটা ১০ ট্যাব’ এবং ‘এক্সটা ২০ ট্যাব’ নামে ওষুধটি বাজারজাত করছে। ওরিয়ন ‘ভেক্সট্রা‘ ও ‘ভেক্সট্রা ১০’ নামে এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল ‘আলডিকক্স ট্যাবলেট ও আলডিকক্স ২০ নামে ওই ওষুধ বাজারজাত করছে।
অন্যদিকে, এ্যকমি ল্যাবরেটরিজ ওষুধটির নাম দিয়েছে ‘ভিআইবি ১০ এবং ভিআইবি ২০’। গ্লোব ফার্মাসিউটিক্যালস ‘ভ্যালোরা ১০ এবং ভ্যালোরা ২০’ নামে, বেক্সিমকো ফার্মা ‘ভি-কক্স ১০’ নামে এই ব্যাথা নাশক ওষুধ বাজারজাত করছে।
সুইজারল্যাণ্ড ভিত্তিক ফার্মাসিউটিক্যালস নোভার্টিজ মে’র চার তারিখে পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে তাদের ‘ভ্যাক্সিব’ নামের সমজাতীয় ওষুধটির উৎপাদন ও বাজারজাত করণ বন্ধ করে দেয়।
বিজ্ঞাপনে বলা হয়, নোভার্টিজ (বাংলাদেশ) লিমিটেড ফাইজারের সিদ্ধান্তের প্রেক্ষিতে স্ব-প্রণোদিত হয়ে ডাক্তারদের কাছে এবং বাজারে ‘ভ্যাক্সিব’র সরবরাহ বন্ধ করে দিচ্ছে। যা আট এপ্রিল থেকে কার্যকর হবে।
নোভার্টিজ’র (বাংলাদেশ) ম্যানেজার করপোরেট এ্যফেয়ার্স রাসনা হাসান বলেন, ওষুধটি শরীরের জন্য বিপজ্জনক হওয়ায় ফাইজার নিজেরাই তাদের পণ্য প্রত্যাহার করে নিয়েছে। সেক্ষেত্রে আমরাও নৈতিকতার দিক থেকে আমাদের ওষুধ প্রত্যাহার করে নিয়েছি।
এ্যকমি ল্যাবরেটরিজের বিপণন কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, আমরা ওষুধটির পাশ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জানি। কিন্তু রোগীদের এই ওষুধ ব্যাতিত বিকল্প নেই। ওষুধ প্রশাসন যেহেতু ওষুধ বাজারজাত করার অনুমতি দিচ্ছে সেখানে কেন আমরা তা প্রত্যাহার করে নেব।
ভোক্তাদের প্রতি তাদের দায়িত্ববোধ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি মন্তব্য করতে অস্বীকার করেন।
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড’র প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান স্বীকার করেন ফাইজার তাদের পণ্যের ব্যাপারে সতর্কতা সংকেত জারি করেছে।
বাংলাদেশ এসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইণ্ড্রাস্ট্রিজ (বিএপিআই) এর মহাসচিব হাসান আরও বলেন, ওষুধটি কিছু রোগীর জন্য বিপজ্জনক হতে পারে বিধায় ফাইজার ওষুধটির বাজারজাত বন্ধ করেছে এটা আমরা জানতাম না। ফাইজার সতর্ক সংতেক জারি করেছে আমরা শুধু এটুকুই জানতাম।
তিনি বলেন, প্যারেন্ট কোম্পানি প্রত্যাহার করলে আমরাও বাজার থেকে এই ওষুধ প্রত্যাহার করে নেব।
কিন্তু ওষুধ প্রশাসনের পরিচালক হাবিবুর রহমান জানান, ওষুধটির পাশ্বপ্রতিক্রিয়া অত্যন্ত ক্ষীণ। বিপজ্জনক প্রতিক্রিয়ার মাত্রা বেশি হলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওষুধটি বাজারজাত না করার সুপারিশ করতো।
তিনি আরও বলেন, বিশ্বের ১০০ টি দেশে এই ওষুধ ব্যবহৃত হচ্ছে।
