ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করছে সংসদীয় স্থায়ী কমিটি
রাজশাহী জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ তদন্ত করছে সংসদীয় তদন্ত দল।
সরকারের একটি দায়িত্বশীল সূত্র জানায়, তিন সদস্য বিশিষ্ট সংসদীয় কমিটি গত দু’দিন ধরে রাজশাহীতে অভিযোগ’র বিষয়গুলো সরজমিনে খতিয়ে দেখছেন। যোগাযোগ ও স্থানীয় সরকার মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ তদন্ত দলের নেতৃত্ব দিচ্ছেন। কমিটির অপর দুই সদস্য হলেন বরিশালের এমপি আলহাজ্ব মোশাররফ হোসেন মংগু ও রাজশাহীর এমপি আবু হেনা।
সূত্র মতে, রাজশাহীর বাগমারা-মোহনপুর আসনের বিএনপি দলীয় সাংসদ আবু হেনা ব্যারিস্টার হকের বিরুদ্ধে এসব অভিযোগ করেন। ব্যারিস্টর হকের বিরুদ্ধে সাংসদ হেনার প্রধান অভিযোগ হলো বাগমারা-মোহনপুর এলাকার উন্নয়নের জন্যে বরাদ্দ করা অর্থ ব্যারিস্টার তার নিজের এলাকায় নিয়ে গেছেন।
তদন্ত কমিটির তিন সদস্যই বুধবার রাজশাহীতে আসেন। বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তারা অভিযোগসমূহ সরজমিনে খতিয়ে দেখেন বলে সূত্র জানায়।
সূত্র মতে, ব্যারিস্টার আমিনুলের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগসমূহের মধ্যে উল্লেখযোগ্য হলো রাজশাহীর বহুল আলোচিত পবা উপজেলাধীন বারনই নদীর ওপরে নওহাটা ব্রীজ নির্মাণ, বিএসটিআই অফিস নির্মাণ, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ ও আমনুরা রেলপথ, রাজশাহী-তানোর, তানোর-বাগমারা, পুঠিয়া-বাঘা, তানোর-গোদাগাড়ী সড়ক উন্নয়নসহ রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও রাজশাহীতে গ্যাস সরবরাহের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করা। এছাড়া তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারেরও অভিযোগ রয়েছে।
এদিকে ডাক মন্ত্রীর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও রাজশাহীর উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগসমূহ একটি শক্তিশালী গোয়েন্দা সংস্থাও খতিয়ে দেখছে বলে জানা গেছে।
