২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদেশে বন্যা পরিস্থিতির আরও অবনতি, পানিবন্দি লক্ষাধিক, পাঁচ জনের মৃত্যু, পানিবাহিত রোগের প্রাদুর্ভাব

সারাদেশের বন্যা পরিস্থিতির আরও অবনতি হলেও দেশের পূর্বাঞ্চলে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বন্যার পানিতে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পাশাপাশি পানি বাহিত রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এসময় পানিতে ডুবে এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পাঁচজন মারা গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2005, 09:25 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

এদিকে, দেশের প্রধান নদীগুলোর পানি অতিবৃষ্টি এবং উজানের প্রবাহের কারণে ক্রমশ বৃদ্ধি এবং বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও কিছু কিছু নদীর পানি কমতে শুরু করেছে।

বন্যা তথ্য কেন্দ্র জানায়, উত্তরবঙ্গে বন্যা কবলিত কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধা এবং সিলেট জেলার বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে। তবে সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি পরিলক্ষিত হচ্ছে। ঢাকা, নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জের নিম্নাঞ্চল এবং চারপাশে প্লাবিত এলাকার পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।

আবহাওয়া দফতর জানায়, আগামী ২৪ ঘন্টায় ব্রহ্মপুত্র এবং মেঘনা অববাহিকায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘন্টায় বিভিন্ন জেলায় প্রচুর বৃষ্টিপাত হয়েছে। সর্বোচ্চ বৃষ্টিপাত রের্কড করা হয়েছে চট্টগ্রামে ১২০ মিমি এবং সর্বনিম্ন শেরপুরে ৪৫মিমি।

ব্রহ্মপুত্র এবং যমুনা নদীর পানি চিলমারি ছাড়া সকল পয়েন্টেই বৃদ্ধি পাচ্ছে। গঙ্গা-পদ্মার পানিও বিভিন্ন পয়েন্টে আরও বৃদ্ধি পাচ্ছে। মেঘনা এবং দক্ষিণ-পূর্ব পাহাড়ি অববাহিকার সব নদীতেই অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বন্যা সতর্কিকরণ কেন্দ্রের ৮৬টি মনিটরিং পয়েন্টের মধ্যে ৪৫টিতেই দেখা যায় পানি বৃদ্ধি পেয়েছে, ২৫টি পয়েন্টে পানির উচ্চতা কিছুটা কমেছে, একটি পয়েন্টে স্থিতাবস্থায় থাকলেও ১১টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

ব্রহ্মপুত্র-যমুনার পানির উচ্চতা বাহাদুরাবাদে দুই সেমি, সিরাজগঞ্জে তিন সেমি এবং আরিচাঘাটে চার সেমি বৃদ্ধি পেয়েছে। কুড়িগ্রামে বিপদসীমার ৪৮ সেমি উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তিস্তা নদীর পানি ডালিয়ায় ২৬ সেমি উপর দিয়ে প্রবাহিত হলেও কাউনিয়ায় সাত সেমি নেমে এসেছে।

পুরাতন ব্রহ্মপুত্রের পানি জামালপুরে পাঁচ সেমি এবং ময়মনসিংহে সেমি বেড়েছে। ঢাকায় বুড়িগঙ্গার পানি আরও ছয় সেমি বৃদ্ধির রেকর্ড করা হয়েছে। নারায়ণগঞ্জে শীতলক্ষার পানি ছয় সেমি, মিরপুরে তুরাগের পানি পাঁচ সেমি, রেকাবি বাজারে ধলেশ্বরী চার সেমি বাড়লেও বিপদসীমা অতিক্রম করেনি। কিন্ত কুড়িগ্রামে ধরলা, ডালিয়াতে তিস্তা এবং ডেমরাতে বালু নদীর পানি বিপদ সীমা থেকে ১৬ সেমি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পদ্মা নদীর পানি রাজশাহী এবং হার্ডিঞ্জ ব্রিজের কাছে ১০ সেমি, গোয়ালন্দে ১২ সেমি এবং ভাগ্যকূলে বিপদসীমার চেয়ে আট সেমি উচ্চতায় প্রবাহিত হচ্ছে।

সুরমা নদীর পানির উচ্চতা কিছুটা কমলেও সিলেট, কানাইঘাট এবং সুনামগঞ্জে আবার পানির প্রবাহ যথাক্রমে আট সেমি, ৬৬ সেমি এবং ১৫ সেমি বেড়েছে এবং বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

কুশিয়ারা নদীর পানি আমলশিদে ১৪ সেমি, শেওলাতে নয় সেমি এবং শেরপুরে নয় সেমি বেড়েছে এবং বিপদসীমার চেয়ে সেমি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

মনু নদীর পানি চাটলাঘাটে ৬৮ সেমি, মনু রেলওয়ে ব্রিজে ৬০ সেমি এবং মৌলভীবাজারে ২২ সেমি বৃদ্ধি পেয়েছে।

বালাব এবং হবিগঞ্জে খোয়াই নদীর পানি যথাক্রমে ২১ সেমি এবং আট সেমি বৃদ্ধি পেয়েছে।

ভোগাই এবং সোমেশ্বরী নদীর পানির উচ্চতা কমেছে এবং বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কংশ নদীর পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

মুহুরী, হালদা, সাঙ্গো এবং মাতামুহুরী নদীর পানি বাড়লেও এখন পর্যন্ত কোনও বিপদের আশংকা নেই।

বিডিনিউজ সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। যমুনা নদীর পনি সিরাজগঞ্জ পয়েন্টে পাঁচ সে.মি. বৃদ্ধি পেয়েছে এবং সেই সাথে বৃহস্পতিবারেও আভ্যন্তরীণ নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় আরও নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন এবং বন্যা নিয়ন্ত্রণ অফিস সূত্রে জানা যায়, সদর উপজেলার ১০ টি, কাজীপুর পৌরসভাসহ ১১ টি, বেলকুচির ছয়টি, তাড়াশের পাঁচটি, শাহজাদপুরের চারটি, উল্লাপাড়ার চারটি, চৌহালীর তিনটি এবং রায়গঞ্জের ১ টি ইউনিয়নসহ মোট ৪৪ টি ইউনিয়ন বন্যা কবলিত হয়ে পড়েছে।

সূত্র আরও জানায়, মোট ২৪ হাজার দুইশ’ ৯৫ টি পরিবারের প্রায় এক লাখ ২২ হাজার একশ’ ৬৫ জন লোক পানিবন্দি হয়ে পড়েছে। বেসরকারি হিসাবে পানিবন্দি হয়ে পড়েছে জেলার প্রায় ৬০ টি ইউনিয়নের দুই লক্ষাধিক মানুষ ।

এ পর্যন্ত ৫২ কি.মি. রাস্তাঘাট বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সরকারি সূত্রে জানা যায়। এছাড়া, কাজীপুর উপজেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

কৃষি সম্প্রসারণ সূত্র জানায়, বন্যায় চার হাজার তিনশ’ ৩২ একর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় কৃষকদের মতে, বন্যায় ক্ষতিগ্রস্ত ফসলি জমির পরিমাণ প্রায় ৭২ হাজার একর বলে জানা গেছে।

এদিকে পানিবন্দি মানুষের জন্য সারা জেলায় একমাত্র কাজীপুর উপজেলায় একটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।

বিডিনিউজ গাইবান্ধা প্রতিনিধি জানান, উজান থেকে নেমে আসা পানির ঢলে ঘাঘট, করতোয়া ও তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বৃহস্পতিবার গাইবান্ধা, গোবিন্দগঞ্জ, সাদুল্যাপুর ও পলাশবাড়ী উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বন্যার পানিতে ডুবে রাখালবুরুজ গ্রামের পিন্টু মিয়ার শিশুপুত্র বাবু (৫) ও সাঘাটা উপজেলার কুখাতাইড় গ্রামের রেজাউল করিমের শিশু পুত্র শাহীন (৪) মারা গেছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায, ২৪ ঘন্টায় ঘাঘট নদীর পানি বৃদ্ধি পেয়ে এখন বিপদ সীমার এক দশমিক ১৯ সে.মি, করতোয়া নদীর পানি ১৭ সে.মি এবং ব্রহ্মপুত্র নদীর পানি ১০.সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া তিস্তা নদীর পানি বিপদ সীমার ২৯ সে.মি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। করতোয়ার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় গোবিন্দগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স, পশু সম্পদ অফিস , পল্লী উন্নয়ন অফিস সহ উপজেলা পরিষদ চত্বর হাটু পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে।

এছাড়া পৌর এলাকার পাঁচটি ওয়ার্ডের দেড় হাজার পরিবার পানি বন্দি হয়ে পড়েছে। এক হাজার দু’শ বাড়ি ঘর, ২৬ কি.মি কাঁচা পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে পৌর চেয়ারম্যান জানিয়েছেন।

বন্যার পানি তোড়ে গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কের তিন কিমি. এলাকা জুড়ে গভীর গর্তের সৃষ্টি হয়েছে এবং সড়কটির ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ফলে এই সড়কে তিন ধরে যানবাহন চলাচল বন্ধ থাকায় জনগণকে চরম দুর্ভোগ পোয়াতে হচ্ছে।

সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা-সাদুল্যাপুর সড়কে দাউদপুর ঘাঘট সেতু সংলগ্ন প্রতিরক্ষা বাধঁ ভেঙ্গে যাওয়ায় এই উপজেলার জামালপুর, ফরিদপুর ও ভাতগ্রাম ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা বন্যা কবলিত হয়ে পড়েছে। এছাড়া কুটিপাড়া, মন্ডলেরপাড়া ও পোদ্দারহাটে গাইবান্ধা শহর রক্ষা বাঁধে নতুন করে ফাটল দেখা দেয়ায় শহর রক্ষা বাধটি এখন হুমকির সম্মুখীন। পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের ২০ টি গ্রাম করতোয়ার পানি বৃদ্ধিতে বন্যা কবলিত হয়ে পড়েছে এবং এসব গ্রামের পাঁচ হাজার পরিবার পানি বন্দি অবস্থায় আছে।

বিডিনিউজ কুড়িগ্রাম প্রতিনিধি জানান, জেলার ধরলা নদীর পানি কিছুটা কমলেও জেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।

জেলার ফেরীঘাট পয়েন্টে ধরলার পানি বিপদসীমার ৪৮ সেমি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ধরলা নদীর প্রবল স্রোতে সদর উপজেলার চরবড়াইবাড়িতে পানি উন্নয়ন বোর্ডের সদ্যনির্মিত বিকল্প বাঁধের এক কিলোমিটার ভাসিয়ে নিয়ে গেছে। হয়ে গেছে। এর ফলে চরবড়াইবাড়িসহ আশপাশের চারটি গ্রাম পািনতে তলিয়ে গেছে। এ অবস্থায় নতুন করে পানিবন্দি হয়ে পড়েছে পাঁচ হাজার পরিবার।

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় ধরলার পানি কমেছে ৮ সেমি, তিস্তায় বেড়েছে দুই সেমি, ব্রহ্মপুত্রের পানি অপরিবর্তিত এবং দুধকুমারে কমেছে তিন সেমি পানি।

বিডিনিউজ শেরপুর প্রতিনিধি জানান, জেলা সদর এবং শ্রীবরদী উপজেলার ২৩টি ইউনিয়নের বন্যা পরিস্থিতি বৃহস্পতিবার পর্যন্ত অপরিবর্তিত রয়েছে।

বন্যার পনিতে রাস্তা ধসে শেরপুরের বেশকয়েকটি ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে হয়ে পড়েছে। এছাড়া শেরপুর জামালপুর সড়কের পোড়াদালান নামক স্থানে কজওয়ে অ্যাপ্রোন ভেঙ্গে রাস্তা হুমকির সম্মুখিন হয়ে পড়েছে। জেলার বলাইয়ের চরের আমতলী ব্রিজের দুপাশের মাটি ধসে পড়ায় যোগাযোগ বন্ধ রয়েছে।

বিডিনিউজ নওগাঁ প্রতিনিধি জানান, গত কয়েকদিনের অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে নওগাঁর ছোট যমুনা ও আত্রাই নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে।

বৃহস্পতিবার রাতে প্রবল পানির চাপে মান্দা উপজেলায় আত্রাই নদীর চক্রামপুর বেড়িবাঁেধর প্রায় ১০০ ফুট জায়গা জুড়ে ভাঙ্গন দেখা দিয়েছে। বাঁধের এ ভাঙ্গা অংশ দিয়ে প্রবেশ করা পানিতে চক্রামপুর ও কয়লাবাড়ি গ্রামের পাঁচ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। অনেকে বাড়িঘর ছেড়ে উচু বাঁেধ আশ্রয় নিয়েছে।

বিডিনিউজ নীলফামারি প্রতিনিধি জানান, জেলার অভ্যন্তরে প্রবাহিত ১০টি নদ-নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নীলফামারী জেলায় বন্যা পরিস্থিতির আবারও অবনতি ঘটেছে। নদীগুলো হচ্ছে-তিস্তা, বুড়িতিস্তা, চাড়ালকাটা, বুড়িখোড়া, ধুম, নাউতারা, যমুনেশ্বরী ও চিকলি।

বূধবার গভীর রাতে তিস্তার পানি আকস্মিকভাবে বাড়তে শুরু করে। বৃহস্পতিবার ভোর ৬টায় তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপদসীমার ৫৫ সেমি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো।

কালিগঞ্জ জিরো পয়েন্ট থেকে লালমনিরহাটের পারুলিয়া হয়ে রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়ন পর্যন্ত তিস্তা বাঁধের ভেতরে এক’শ কিলোমিটার এলাকাজুড়ে বসবাসকারী প্রায় ৩০ হাজার মানুষের ঘরবাড়ি বানের পানিতে তলিয়ে গেছে। এসব ঘরবাড়িতে ঘরের চাল পর্যন্ত পানি উঠে যাওয়ায় বানভাসি লোকজন বিভিন্ন উঁচু স্থানে আশ্রয়ের আশায় ছুটছে।

জলঢাকা উপজেলার হলদিবাড়ী এলাকায় ঝুঁকিপুর্ণ তিস্তা ডানতীর বাঁধের প্রায় ৬ হাজার ফুট এলাকার ভাঙ্গন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড বালুর বস্তা ফেলছে ও বাঁশের পাইলিং নির্মাণ করছে। তিস্তা ব্যারেজের উজানে ঝাড়সিংহেশ্বর এলাকায় ২ ও ৩ নম্বর স্পারের মধ্যবর্তী স্থানে তিস্তার উত্তাল ঢেউ চরম আঘাত হানছে। যে কোন মুহূর্তে বাঁধটি ধসে পড়ার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।

এদিকে বন্যার পানি বৃদ্ধির সাথে সাথে ছড়িয়ে পড়েছে ডায়রিয়া। বুধবার এ রোগে আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হওয়ায় গত এক সপ্তাহে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ছয়-এ।

স্বাস্থ্য বিভাগের সূত্র অনুয়ায়ী গত ২৪ ঘন্টায় শুধু সদর হাসপাতালে ভর্তি হয়েছে ৪৩ জন রোগী। বেসরকারী হিসেবে গোটা জেলায় ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেলেও স্বাস্থ্য বিভাগ তিন হাজার ৮৪ জন আক্রান্তের কথা স্বীকার করে জানিয়েছে, ডায়রিয়া নিয়ন্ত্রণে জেলার ছয়টি উপজেলায় ৭০টি মেডিকেল টিম কাজ করছে। এছাড়াও প্রতিটি উপজেলায় একটি করে নিয়ন্ত্রণ কক্ষ খুলে পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে।

সদর উপজেলার পলাশবাড়ি ও খোকশাবাড়ি ইউনিয়নে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সেখানে দু’টি ডায়রিয়া ক্যাম্প খোলা হয়েছে। রোগীরা সরকারী হাসপাতালগুলোতে ডায়রিয়া ওয়ার্ডের মেঝে এমনকি বারান্দায় স্থান না পেয়ে অনেকে হাসপাতাল চত্বরে রিকশা ভ্যানে শুয়ে চিকিৎসা নিচ্ছে।

বিডিনিউজ লালমনিরহাট প্রতিনিধি জানান, জেলার সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও নদীর ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে।

উজান থেকে পানির ঢল ও ভারতের গজালডাঙ্গা ব্যারেজের সবগুলো গেট খুলে দেওয়ায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে, বন্যাদুর্গত এলাকায় নানা ধরনের পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। জেলার দুটি উপজেলার প্রায় শতাধিক পরিবারের লোকজন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতাল, স্বাস্থ্য কমপ্লেক্সসহ ক্লিনিকগুলোতে চিকিৎসাধীন রয়েছে।

বন্যাগ্রস্থ এলাকাগুলোতে ডায়ারিয়া মোকাবেলায় সকল প্রকার প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে বলে জানান লালমনিরহাট সিভিল সার্জন অফিস সূত্র।

সরকারি ভাবে ৫০ হাজার টাকা ও ৫০ মেট্রিকটন চাল অনুমোদন দেওয়া হলেও লালমনিরহাটের বন্যাগ্রস্থ এলাকা অনুপাতে তা অপ্রতুল। এছাড়া জেলার অনেক এলাকায় এখনও ত্রাণ পৌঁছেনি বলে অভিযোগ করেছে পানিবন্দি লোকজন।