জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের দায়িত্ব গ্রহণ : আফতাবপন্থী প্রক্টর, শিক্ষক ও কর্মকর্তা লাঞ্ছিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে বৃস্পতিবার অধ্যাপক ওয়াকিল আহমদ যোগ দিয়েছেন। দায়িত্ব গ্রহণের পর নতুন উপাচার্য বিগত সময়ের অনিয়ম খতিয়ে দেখা হবে বলে কর্মকর্তা-কর্মচারিদের আশ্বাস দিয়েছেন।
অন্যদিকে, সদ্য বিদায়ী উপাচার্য আফতাব আহমদের দায়িত্বকালে বঞ্চনার শিকার সর্বদলীয় কর্মকর্তা-কর্মচারিদের হাতে প্রক্টর শাহবুদ্দিন আহমদ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এবং উপ-পরীক্ষা নিয়ন্ত্রক লাঞ্চিত হন। ক্যাম্পাসে অনাকাঙ্খিত ঘটনা এড়াতে সকাল থেকেই বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকাল ৯ টায় নতুন ভিসি’র পক্ষের প্রায় দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারি আনন্দ মিছিল বের করে। সকাল ১০ টার দিকে একদল কর্মকর্তা-কর্মচারি আফতাবপন্থীদের বিভিন্ন ভবনে খোঁজ করতে থাকলে চারদিকে ভীতি ছড়িয়ে পড়ে। সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয় ক্যান্টিনের সামনে অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এনামুল করিম লাঞ্চনার শিকার হন।
দুপুর ১২ টার দিকে নতুন ভিসি অধ্যাপক ওয়াকিল আহমদ ক্যাম্পাসে আসার খবরে নড়েচড়ে ওঠে বিশ্ববিদ্যালয়। প্রধান ফটক থেকে উপাচার্যের দপ্তর পর্যন্ত সড়কের দুই পাশে সারিবদ্ধ কর্মকর্তা-কর্মচারিরা ফুল হাতে স্বাগত জানাতে অপেক্ষা করে। ভিসি তার দপ্তরে ঢুকলে তার আশপাশ দখল নিয়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময়ে সর্বদলীয় কর্মকর্তা-কর্মচারিরা উপাচার্যের কক্ষ থেকে প্রক্টর ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদককে বের করে দেওয়ার দাবি জানান। তুমুল হট্টগোলের মধ্যে ওই দুইজন ভিসি কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সময় কর্মকর্তা-কর্মচারিদের রোষানলে পড়েন।
এক পর্যায়ে পুলিশ তাদের উদ্ধার করে নিয়ে যায়। একই সময়ে ক্যাম্পাসে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোল্লা মাসুমুল হকও লাঞ্চিত হন।
উপাচার্য ওয়াকিল আহমদ প্রো-ভিসি অধ্যাপক আমিনুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক সৈয়দ আবুল কালাম আজাদের কাছ থেকে অফিসিয়াল কাগজপত্র বুঝে নেন। এ সময় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গত দুই বছরের অনিয়মের চিত্র তুলে ধরার চেষ্টা করেন। উপাচার্য তাদের সকল অনিয়ম খতিয়ে দেখার আশ্বাস দেন।
এদিকে সাবেক ভিসি আফতাব আহমদের সময়কালের শেষদিয়ে এডহক ভিত্তিতে নিয়োগ প্রাপ্ত প্রায় ৫’শ কর্মকর্তা-কর্মচারি চাকরি হারানোর আশঙ্কা করছে। বৃহস্পতিবার এদের ক্যাম্পাসে উৎকণ্ঠিত অবস্থায় সময় কাটাতে দেখা যায়।
