২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগীর হত্যা মামলার আসামী জনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে

যুবদল নেতা সাগীর হত্যাকান্ডে নিজের সম্পৃক্ততার কথা উল্লেখ করে বৃহস্পতিবার ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে গোলাম কিবরিয়া জনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2005, 07:04 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

সাগীর হত্যা মামলায় গ্রেপ্তারকৃত অন্যতম আসামী জনি ঢাকার মহানগর হাকিম ননী গোপাল বিশ্বাসের খাস কামরায় দেয়া জবানবন্দিতে জানায়, নাহিদ, ঘেসু, টেপা জুয়েলসহ আরও চার/পাঁচজন ঘটনার আট দিন আগে কেরানীগঞ্জ এলাকায় পাঁচতলা একটি বাসার ছাদে বসে এ হত্যার পরিকল্পনা করে। ডাকাত শহিদকে সে বড়ভাই হিসেবে উল্লেখ করে বলে, তার নির্দেশেই তারা সবাই মিলে সাগীরকে হত্যা করে।

দুই দফায় মোট ছয় দিন রিমান্ড শেষে বৃহস্পতিবার গোয়েন্দা পুলিশ তাকে আদালতে হাজির করে। আদালতে সকাল ১১ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত জনি এ জবানবন্দি দেয়।

গত ২৪ জুন সাগীর পুরান ঢাকার কারকুনবাড়ি লেনের সোনামিয়া আল ফালাহ মসজিদে  জুমার নামাজ শেষে বেরিয়ে আসার কয়েক ঘন্টা আগে থেকেই জনিদের এই কিলিং গ্রæপ তাকে অনুসরণ করে। জনি অপর হত্যাকারী নাহিদের সাথে রিক্সাযোগে ঘটনাস্থলে আসে। তবে সাগীরকে গুলি করার মুহূর্তে সে কারকুনবাড়ি লেনের একটি দোকানে সিগারেট কিনছিল। সে নিজে কোন গুলি করেনি। তবে তার কাছে অস্ত্র ও বোমা ছিল। সাগীরকে গুলি করেছে ঘেসু। হত্যার সময় ঘটনাস্থলে ১০/১২ জন উপস্থিত ছিল। সাগীরকে গুলি পর লোকজন এগিয়ে আসলে সে বোমা ফাটিয়ে পালিয়ে যায়।

জনি আরও জানায়, সে কবি নজরুল কলেজের ডিগ্রি ক্লাসের ছাত্র। পারিবারিক অশান্তির কারণেই সে বিপথগামী হয়েছে। সাগীরকে খুনের আগে নাহিদ তাকে ফেন্সিডিল সেবন করিয়েছিল বলে সে জানায়।

গত ১৩ জুলাই জনিকে গেণ্ডারিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার আগে জবানবন্দি দেবে কিনা তা বিবেচনার জন্য নিয়ম অনুযায়ী তাকে পর্যাপ্ত সময় দেওয়া হয়।

এর আগে গত ৯ জুলাই সাগীর হত্যা মামলার অপর আসামী টেপা জুয়েল নিজেকে হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত বলে উল্লেখ করে ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দিয়েছিল।