গাইবান্ধায় বন্যা পরিস্থিতির অবনতি, মহাসড়কের তিন কিলোমিটার পানির নিচে, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
উজান থেকে নেমে আসা পানির ঢলে ঘাঘট, করতোয়া ও তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বৃহস্পতিবার গাইবান্ধা, গোবিন্দগঞ্জ, সাদুল্যাপুর ও পলাশবাড়ী উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বন্যার পানিতে ডুবে রাখালবুরুজ গ্রামের পিন্টু মিয়ার শিশুপুত্র বাবু (৫) ও সাঘাটা উপজেলার কুখাতাইড় গ্রামের রেজাউল করিমের শিশু পুত্র শাহীন (৪) মারা গেছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায, ২৪ ঘন্টায় ঘাঘট নদীর পানি বৃদ্ধি পেয়ে এখন বিপদ সীমার এক দশমিক ১৯ সে.মি, করতোয়া নদীর পানি ১৭ সে.মি এবং ব্রহ্মপুত্র নদীর পানি ১০.সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া তিস্তা নদীর পানি বিপদ সীমার ২৯ সে.মি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। করতোয়ার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় গোবিন্দগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স, পশু সম্পদ অফিস , পল্লী উন্নয়ন অফিস সহ উপজেলা পরিষদ চত্বর হাটু পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে।
এছাড়া পৌর এলাকার পাঁচটি ওয়ার্ডের দেড় হাজার পরিবার পানি বন্দি হয়ে পড়েছে। এক হাজার দু’শ বাড়ি ঘর, ২৬ কি.মি কাঁচা পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে পৌর চেয়ারম্যান জানিয়েছেন।
বন্যার পানি তোড়ে গোবিন্দগঞ্জ - দিনাজপুর মহাসড়কের তিন কিমি. এলাকা জুড়ে গভীর গর্তের সৃষ্টি হয়েছে এবং সড়কটির ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ফলে এই সড়কে তিন ধরে যানবাহন চলাচল বন্ধ থাকায় জনগণকে চরম দুর্ভোগ পোয়াতে হচ্ছে।
সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা-সাদুল্যাপুর সড়কে দাউদপুর ঘাঘট সেতু সংলগ্ন প্রতিরক্ষা বাধঁ ভেঙ্গে যাওয়ায় এই উপজেলার জামালপুর, ফরিদপুর ও ভাতগ্রাম ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা বন্যা কবলিত হয়ে পড়েছে। এছাড়া কুটিপাড়া, মন্ডলেরপাড়া ও পোদ্দারহাটে গাইবান্ধা শহর রক্ষা বাঁধে নতুন করে ফাটল দেখা দেয়ায় শহর রক্ষা বাধটি এখন হুমকির সম্মুখীন। পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের ২০ টি গ্রাম করতোয়ার পানি বৃদ্ধিতে বন্যা কবলিত হয়ে পড়েছে এবং এসব গ্রামের পাঁচ হাজার পরিবার পানি বন্দি অবস্থায় আছে।
