রেলওয়েকে করপোরেশন করা হবে না : সংসদীয় স্থায়ী কমিটি
যোগাযোগ মন্ত্রণালয় বিষয়ক জাতীয় সংসদের স্থায়ী কমিটি বাংলাদেশ রেলওয়েকে করপোরেশনে রূপান্তরের বিষয়টি অস্বীকার করে বলেছেন, সরকারের এরকম কোন পরিকল্পনা নেই।
কমিটির চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর হোসেন বলেন, এটা অবাস্তব এবং রেলওয়েকে করপোরেশনে রূপান্তরের প্রশ্ন ওঠা উচিৎ নয়।
তিনি বলেন, রেলওয়েকে সময় উপযোগী সক্রিয় সেবা ভিত্তিক সংস্থায় পরিনত করতে একে আরো আধুনিক ও সুসংগঠিত করার জন্য চার সদস্য বিশিষ্ট একটি উপ কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে ১৫ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
বুধবার চট্টগ্রাম রেলওয়ে ভবনে সংসদীয় কমিটির ১৩তম বৈঠক শেষে কমিটির চেয়ারম্যান এ কথা বলেন। চট্টগ্রামে কমিটির এটিই প্রথম বৈঠক।
কমিটির চেয়ারম্যান নিজে এর নেতৃত্বে থাকছেন এবং অন্য সদস্যরা হলেন, আতিউর রহমান, ড. মোহাম্মদ আলী এবং হারুনুর রশিদ।
যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার এখাতে ভর্তুকি দিয়ে যাচ্ছে। কারণ এটি একটি গুরুত্বপুর্ন সেবা খাত।
বিশেষ করে চট্টগ্রামে যোগাযোগ খাতে সরকারের বিভিন্ন উন্নয়নমুলক প্রকল্প সম্পর্কে সালাহউদ্দিন আহমদ বলেন, ঢাকা-চট্টগ্রাম ডাবল ইলেকট্রিক ট্রেন চালুর জন্য সংযোগ লাইন স্থাপনে জরীপ কাজ চলছে। এ ট্রেন চালু হলে দুই ঘন্টায় ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছানো যাবে।
এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, কর্ণফুলী নদীর ওপর ৬২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রথম ক্যাবল স্টেট ব্রীজের কাজ আগামী ডিসেম্বর বা জানুয়ারিতে শুরু হবে।
বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে কমিটির সদস্যরা ছাড়াও যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব শফিকুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহা পরিচালক এএফএম মোস্তাফিজুর রহমান এবং রেলওয়ের পূর্ব জোনের মহা ব্যবস্থাপক এমএ মতিন তালুকদার উপস্থিত ছিলেন।
এর আগে রেলওয়েকে করপোরেশনে রূপান্তরে অর্থমন্ত্রীর অভিপ্রায় প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় রেল ভবনের সামনে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ বিক্ষোভ সমাবেশ করে।
