দেশব্যাপী ঔষধ ব্যবসায়ীদের অর্ধদিবস ধর্মঘট পালিত
পুলিশি হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের প্রতিবাদে বুধবার বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির ডাকে সারাদেশের ঔষধ ব্যবসায়িরা অর্ধদিবস ধর্মঘট পালন করেছে।
দেশের প্রায় দু লাখ ঔষধের দোকান সকাল ছয়টা থেকে দুপুর ২টা পর্যন্ত বন্ধ থাকায় সারাদেশের সাধারণ মানুষ ভোগান্তির শিকার হয়েছে।
দেশের অন্যান্য জেলার মত রাজধানীর বিভিন্ন এলাকায় ঔষধ ব্যবসায়ীরা মিছিল বের করে। এসময় তাদের মিছিলের ওপর পুলিশ লাঠিচার্জ করলে অন্তত ২০ জন আহত হয়েছে।
ঔষধ ব্যবসায়ীরা মীরপুর জোনের সহকারি পুলিশ কমিশনার জিয়াউল হক জিয়ার অপসারণের দাবিতে এ ধর্মঘট আহবান করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঔষধ ব্যবসায়ীরা নগরীর মীরপুর, পল্লবী, কাফরুল, সোবহানবাগ, চানখারপুল, ইংলিশ রোড, গুলিস্তান, বংশাল এবং শাহআলী বাগ এলাকায় মিছিল করে। এছাড়াও চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রাজশাহীতে ঔষধ ব্যবসায়ীরা মিছিল ও সমাবেশ করে।
সূত্র জানায়, পুলিশ মীরপুর, শাহআলী বাগ, কাফরুল, পল্লবীতে ব্যবসায়ীদের মিছিলে লাঠিচার্জ করে এবং তাদের ব্যানার ছিনিয়ে নেয়।
কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি ৩০ এবং ৩১ জুলাই আবারও ধর্মঘটের হুমকি দিয়েছে, যদি এসময়ের মধ্যে তাদের দাবি না মানা হয়।
ডিএমপি কমিশনার এসএম মিজানুর রহমান বলেন, কর্তৃপক্ষ ঔষধ ব্যাবসায়ীদের দাবি মেনে নেবে।
তিনি বিডিনিউজকে জানান, এ বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট লোকজনের সাথে কথা বলা হবে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
ঔষধ ব্যবসায়ীরা জানান, প্রতিদিন দেশব্যাপী এক হাজার কোটি টাকার ঔষধ বিক্রি হয়। অর্ধদিবস ধর্মঘটের কারণে এ বিক্রির পরিমাণ লক্ষ্যণীয়ভাবে কমে যায়।
