ফেনীর গ্রামের বাড়িতেই দাফন সম্পন্ন হলো নুরুন্নবীর
বৃদ্ধ মায়ের ইচ্ছা পূরণ হয়েছে। সৌদি আরবে অগ্নিকান্ডে নিহত বাংলাদেশী শ্রমিক নুরুন্নবীর দাফন বুধবার বিকেলে ফেনীর পারিবারিক গোরস্থানে সম্পন্ন হয়েছে। জানাজায় আত্মীয় ও এলাকাবাসীসহ হাজার হাজার মানুষ অংশ নেয়।
১০ জুলাই সৌদি আরবে নিহত বাংলাদেশী কাঠমিস্ত্রি নুরন্নবীর লাশ বুধবার বিকেল চারটার দিকে বিশেষ অ্যাম্বুলেন্সযোগে ফেনীর চরচান্দিয়া ইউনিয়নের গ্রামের বাড়িতে আনা হয়। এ সময় তার বৃদ্ধ মা মরিয়ম নেছা (৬০), স্ত্রী মনোয়ারা বেগম, মেয়ে মুন্নী, কাকলী, ছেলে নুর ইসলাম, ছয় বোনসহ আত্মীয়-স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়ে। ফেনী - ৩ আসনের সাংসদ মোশারফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন চৌধুরী তাদের সান্ত্ব—না দেন।
বিকেল সাড়ে চারটায় স্থানীয় চরভৈরব সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জানাজায় সাংসদ, ইউএনও, ওসি, ইউপি চেয়ারম্যানসহ আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, বিভিন্ন গ্রাম থেকে আগত মানুষ অংশ নেয়। বিকেল পাঁচটায় সোনাগাজীর পারিবারিক গোরস্তানে দাফন সম্পন্ন হয়।
দাফনের পর নুরুন্নবীর মা উপস্থিত লোকজনকে উদ্দেশ্য করে বলেন, আমি আমার একমাত্র ছেলেকে আর ফিরে পাবো না। যেন কোন মায়ের বুক এভাবে খালি না হয়। লাশ আনার ব্যবস্থা করায় তিনি সরকারকে ধন্যবাদ জানিয়ে এতিম নাতির পড়াশোনার দায়িত্ব ও পরিবারের দায়িত্ব গ্রহণ এবং নবীর সকল পাওনা আদায় করার ব্যবস্থা করতে তিনি সরকারের প্রতি দাবি জানান।
