২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভার ইপিজেডে শ্রমিকদের ওপর পুলিশি হামলায় ২ শতাধিক আহত

সাভার ইপিজেডে রিং সাইন টেক্সটাইলের শ্রমিকদের ওপর বর্বরোচিত পুলিশি হামলায় বুধবার দুই শতাধিক নারী ও পুরুষ শ্রমিক আহত হয়েছে। এদের মধ্যে ৫জনের অবস্থা গুরুতর।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2005, 07:27 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

দাবি আদায়ে আন্দোলনরত নিরীহ শ্রমিকদের ওপর বিনা উস্কানিতে রাবার বুলেট বর্ষণ করারও অভিযোগ করেছে শ্রমিকরা।

গুরুতর আহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন- মাহমুদা (২০), জহিরুল (২০), শাহনাজ (২২), বিল্লাল (২৫) ওয়াসিম (২২) এবং সুজন (২০)।

আহতরা অভিযোগ করেছে, পুনরায় পুলিশি হামলা ও গ্রেপ্তারের ভয়ে তারা হাসপাতালে চিকিৎসা নিতেও ভয় পাচ্ছেন। পুলিশ হাসপাতালে গিয়েও তল্লাশি করছে।

রিং সাইন শ্রমিক ও অন্যান্য সূত্র জানায়, মিথ্যা মামলা প্রত্যাহার, গ্রেফতারকৃত দুই শ্রমিকের মুক্তি এবং অন্যান্য দাবি আদায়ের লক্ষ্যে ওই প্রতিষ্ঠানের শ্রমিকরা চার দিন ধরে ধর্মঘট পালন করে আসছিল।

তারা জানান, বুধবার সকাল ৮টার দিকে কোনও কারণ ছাড়াই রিং সাইন টেক্সটাইলের শ্রমিকদের ওপর পুলিশ বিনা উস্কানিতে হামলা চালায়। ইপিজেডের নতুন জোনের প্রধান ফটকের সামনে এবং বিভিন্ন সংযোগ সড়কে এ হামলা চালানো হয়। এমনকি বাসে উঠে অনেককে পেটানোর অভিযোগও পাওয়া গেছে।

শ্রমিকরা অভিযোগ করেন, পুলিশ বেধড়ক লাঠিচার্জ করেই ক্ষান্ত হয়নি, তাদের লক্ষ্য করে রাবার বুলেটও ছোঁড়ে। রিং সাইনের শ্রমিক ছাড়াও এসময় অন্যান্য প্রতিষ্ঠানের শ্রমিকরা আহত হয়।

আহত শ্রমিকরা জানান, এর আগে মঙ্গলবার গভীর রাতে ইপিজেডের পার্শ্ববর্তী কয়েকটি গ্রামে অভিযান চালিয়ে ঘুমিয়ে থাকা ৭০ জন শ্রমিককে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। পরে ৪৮ জনকে ছেড়ে দেওয়া হয়। ২২ জন শ্রমিককে পুলিশ আটক রাখে।

তারা জানান, মঙ্গলবার দাবি বাস্তবায়ন না হওয়ায় বিক্ষুব্ধ শ্রমিকরা বিকেলে প্রায় পৌনে একঘন্টা ইপিজেড-এ সড়ক অবরোধ ও পরে বিক্ষোভ মিছিল বের করে। এ ঘটনায় পুলিশ শ্রমিকদের গ্রেফতারের জন্যে মঙ্গলবার রাত দেড়টা থেকে রাত সাড়ে ৩টা পর্যন্ত গাজিরচট, পল্লীবিদ্যুৎ, ভাদাইল ও ধামরাইয়ের কয়েকটি স্থানে অভিযান চালিয়ে ৭০ জনকে আটক করে থানায় নিয়ে যায়।

মঙ্গলবার রাতের গ্রেফতার অভিযানের পর থেকে কারখানার অন্য শ্রমিকরা আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছে। তারা বর্তমানে গ্রেফতার এড়াতে গ্রাম ছেড়ে পালিয়ে গেছে।

শ্রমিকরা জানান, দাবি আদায়ের লক্ষ্যে তারা শান্তিপূর্ণভাবেই আন্দোলন চালিয়ে আসছিলেন। কিন্তু রিং সাইন কর্তৃপক্ষ উদ্দেশ্যমূলকভাবেই পুলিশ বাহিনী দিয়ে তাদের নির্যাতন ও হয়রানি করছে। তারা অবিলম্বে এ নির্যাতন বন্ধ করে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের দাবি জানান।

এদিকে, শ্রমিকদের ওপর বর্বর পুলিশি হামলার প্রতিবাদে বুধবার সকাল ১১টায় জাতীয় গার্মেন্টস শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাভারের বাইপাইল কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম সুজন, জুলেখা আক্তার জাহান, শফিকুল ইসলাম শামীম, লিয়াকত আলী, রাশেদুল ইসলাম, খোকন, মকবুল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের ন্যায্য দাবি মেনে না নিয়ে উল্টো পুলিশ বাহিনী দিয়ে তাদের ওপর নির্যাতন চালাচ্ছে। বিনা অপরাধে শ্রমিকদের গভীর রাতে ঘুমন্ত অবস্থা থেকে তুলে থানায় নিয়ে গেছে।

তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মিথ্যা মামলা প্রত্যাহার, গ্রেফতারকৃতদের মুক্তি প্রদান এবং কারখানা অবিলম্বে চালুৃ করার দাবি জানান।

ইপিজেড এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।