২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনা বিচারে বান্দরবান জেলে দিন কাটাচ্ছে ১৪১ বন্দি

জেলা সদরে কোনও জজ কোর্ট এবং লামা উপজেলায় কোনও সাব জেল না থাকায় বিনা বিচারে বান্দরবান কারাগারে বন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন ১৪১ ব্যক্তি।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2005, 06:03 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

তিন বছর ধরে তাদের আদালতে হাজির করা হচ্ছে না। এমনকি এক বছর ধরে তারা তাদের স্ত্রী, সন্তান ও আত্মীয়-স্বজনদের দেখাও পাচ্ছেন না।

বন্দি ১৪১ জনের মধ্যে ৭৬ জনের মামলা জেলা জজ কোর্টে এবং ৬৫ জনের মামলা লামা উপজেলা ম্যাজিস্ট্রেট কোর্টে বিচারাধীন রয়েছে ।

বান্দরবান জেল সূত্র জানায়, জেলের মোট ধারণক্ষমতা ১০ জন মহিলাসহ মোট ১১৪ জন।

কিন্তু গত ১৬ জুলাই বান্দরবান জেলে বন্দির সংখ্যা ছিল ২৫৭ জন। এদের মধ্যে মাত্র ৩৩ জন আদালতের রায়ে দোষী সাব্যস্ত ছিল। বাকিদের মধ্যে ১৩ জনকে গত দুবছর ধরে, ২৭ জনকে একবছর ধরে এবং ৩৬ জনকে ছয় মাস ধরে আদালতে হাজির করা হয়নি। আর লামা উপজেলা আদালতে ৬৫ জনের মামলা বিচারাধীন রয়েছে।

কারা কর্তৃপক্ষ জানান, সংশ্লিষ্ট আদালত থেকে হাজির করার ব্যাপারে সমন না পাওয়া পর্যন্ত অভিযুক্তদের আদালতে হাজির করার কোনও নিয়ম নেই। ১৮৯৪ সালের বন্দি আইন অনুযায়ী অভিযুক্তদের আদালতে হাজির করার প্রক্রিয়া সম্পন্ন করার জন্যে কারা কর্তৃপক্ষ আদালতের কাছে কয়েকবার অভিযুক্তদের তালিকা পাঠিয়েছে। তবে আদালত থেকে কোনও সমন দেওয়া হয়নি।

সরকারি সূত্র জানায়, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা তার নিয়মিত দায়িত্বের বাইরে ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করছেন। প্রশাসনিক কাজের চাপের কারণে নির্বাহী কর্মকর্তার পক্ষে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করা সম্ভব হচ্ছে না।

তাছাড়া, অভিযুক্তদের আদালতে হাজির করার জন্যে প্রয়োজনীয় পুলিশ, যানবাহন এবং অন্যান্য সুযোগ সুবিধারও অভাব রয়েছে।

বান্দরবান জেলা পুলিশ সূত্র জানায়, তাদের যে গাড়ি আছে, তার সাহায্যে ঝুঁকিপূর্ণ পাহাড়ি অঞ্চল দিয়ে অভিযুক্তদের নিয়ে যাওয়া সুবিধাজনক নয়।

জেলের বেসরকারি ইন্সপেক্টর অ্যাডভোকেট আবুল কালাম বলেন, ১৮৯৪ সালের বন্দি আইনের ৯ ধারা অনুযায়ী অভিযুক্তদের প্রতি ১৪ দিনে একবার আদালতে হাজির করার নিয়ম রয়েছে।

তিনি বলেন, লামায় ম্যাজিস্ট্রেট আদালত থাকা সত্ত্বেও সেখানে কোনও সাব জেল না থাকায় ওই থানার অভিযুক্তদের আদালতে হাজির করা সম্ভব নয়। এর ফলে বিচারাধীন থাকা অভিযুক্তদের মানবাধিকার লংঘিত হচ্ছে।

আইন অনুযায়ী, আদালত হজিরা সংক্রান্ত সমন পাঠাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট জেল সুপারিনটেন্ডেন্ট ম্যাজিস্ট্রেটের কাছে অভিযুক্তদের তালিকা পাঠিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেন।

বান্দরবান কারা কর্তৃপক্ষ বিডিনিউজকে জানায়, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলা দায়রা জজের দায়িত্বে থাকা চট্টগ্রামের বিভাগীয় কমিশনারের (ডিসি) কাছে কয়েকবার অভিযুক্তদের এধরনের তালিকা পাঠিয়েও কোনও সাড়া পাওয়া যায়নি।

বান্দরবান জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মহিউদ্দিন বলেন, পার্বত্য চট্টগ্রামে জজ কোর্ট প্রতিষ্ঠার ব্যাপারে একটি আইন হয়েছে। আইনটি সংসদে অনুমোদিত হওয়ার পর রাষ্ট্রপতি তাকে স্বাক্ষর করেছেন।

অ্যাডভোকেট মহিউদ্দিন বলেন, সরকার প্রজ্ঞাপণ জারি করে তারিখ নির্ধারণ না করা পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে জজ কোর্টের কার্যক্রম শুরু করা যাচ্ছে না।

তিনি বলেন, প্রশাসনিক কর্মকর্তা হওয়ার কারণে বিভাগীয় কমিশনার এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার দায়রা জজ হিসেবে আদালত পরিচালনা করছেন।

তিনি জানান, ২০০০ সালের ৬ নম্বর আইন অনুযায়ী প্রত্যেক জেলায় একটি আইনি সহায়তা কমিটি থাকাবে। এ কমিটি বিচারাধীন বন্দিদের বিনামূল্যে আইনি সহায়তা দেবে।

তিনি বলেন, আইন অনুযায়ী এ কমিটির সভাপতি হবেন জেলা ও দায়রা জজ। তবে জেলা ও দায়রা জজ না থাকায় পার্বত্য জেলাসমূহে এখন পর্যন্ত এ কমিটি গঠন করা হয়নি।

সাব জেল নির্মাণ ও ম্যাজিস্ট্রেট নিয়োগ না করা পর্যন্ত লামা উপজেলা আদালত বান্দরবান সদরে স্থানান্তরের দাবি জানান অ্যাডভোকেট মহিউদ্দিন।