বেগম সুফিয়া কামালের নামের পরিবর্তে খালেদা জিয়ার নামে ছাত্রী হল করার সিদ্ধান্তের প্রতিবাদ
সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা বিরোধী ছাত্র জোট আয়োজিত সংহতি সমাবেশে বক্তারা কবি বেগম সুফিয়া কামালের পরিবর্তে খালেদা জিয়ার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হল করার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন।
কেন্দ্রীয় শহীদ মিনারে মঙ্গলবার এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, স্বাধীনতার পর কোনও জীবিত ব্যক্তির নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের নামকরণ করা হয়নি। খালেদা জিয়ার নামে হল করা হলে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন হবে।
সমাবেশে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, মহিলা আওয়ামী লীগ সভনেত্রী আশরাফুন্নেসা মোশাররফ, কবি সৈয়দ শামসুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক এবং সাধারণ সম্পাদক অধ্যাপক আখতারুজ্জামান, সামজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক হারুন অর রশিদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুসসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করে সমাবেশে বক্তব্য রাখেন।
সমাবেশে আবদুল জলিল বলেন, সুফিয়া কামালের পরিবর্তে খালেদা জিয়ার নামে নামকরণের সিদ্ধান্তের মাধ্যমে কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ লংঘন করেছে।
অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক বলেন, ছাত্রী হলের পুনরায় নামকরণের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রতারণার পথ গ্রহণ করেছে। তিনি আরও বলেন, যদি খালেদা জিয়ার নামে হলের নামকরণের প্রয়োজন হয়, তাহলে এ জন্যে বাজেটে পৃথক বরাদ্দ রাখা যেতে পারে। সেই অর্থ দিয়ে সারা দেশে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে খালেদা জিয়ার নামে হল নির্মাণ করা যেতে পারে।
