যাত্রী সেবায় এসএমএস সার্ভিস চালু করেছে সৌদি এয়ারলাইন্স
সৌদি এয়ারলাইন্স সম্প্রতি স্থানীয় ও আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে যাত্রীদের সুবিধার্থে মোবাইল ফোনের মাধ্যমে সেবা প্রদান শুরু করেছে।
সৌদি বিমান কর্তৃপক্ষ মঙ্গলবার এক বিবৃতিতে একথা জানায়।
শর্ট মেসেজ সার্ভিস (এসএমএস) নামে নতুন এ সেবার আওতায় যাত্রীরা টিকিট ক্রয়, অপেক্ষমান যাত্রীদের রিজার্ভ নিশ্চিতকরণ, ফ্লাইটের সূচি পরিবর্তন সংক্রান্ত সকল বিষয় মোবাইল ফোনের মাধ্যমে জেনে নিতে পারবেন।
যাত্রীদের উন্নততর সেবা প্রদানের লক্ষ্যে বিমান কর্তৃপক্ষ এই এসএমএস সার্ভিসের আওতায় ভবিষ্যতে আরও সুযোগ-সুবিধা অন্তর্ভূক্ত করবে বলে বিবৃতিতে জানানো হয়।
খুব শিগগিরই বাংলাদেশী যাত্রীদের জন্যও সৌদি এয়ারলাইন্স এসএমএস সার্ভিস চালু করবে বলে সূত্র জানিয়েছে।
