সিরাজগঞ্জের কামারখন্দে মুক্তিযোদ্ধা কমান্ডারকে হত্যা
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বানিয়াগাতীতে সোমবার রাতে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্রের আঘাতে এক মুক্তিযোদ্ধা কমান্ডারকে হত্যা করেছে।
পুলিশ জানায়, সোমবার রাত নয়টার দিকে বানিয়াগাতী ব্রিজের পূর্বপার্শ্বে একদল সন্ত্রাসী মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী হারুন অর রশিদকে (৫৩) ধারালো অস্ত্র দিয়ে মাথায় উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। এলাকাবাসী গুরুতর অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত হারুন অর রশিদ কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন। এ হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
