সমঝোতার ভিত্তিতে এরশাদ-পুত্র এরিখকে বিদিশার কাছে হস্তান্তর
জাতীয় পার্টি চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ সমঝোতার ভিত্তিতে পুত্র এরিখকে তার তালাকপ্রাপ্তা দ্বিতীয় স্ত্রী বিদিশার কাছে হস্তান্তর করেছেন।
সোমবার বেলা ১১টায় দুপক্ষের আইনজীবীদের মাধ্যমে এরিখকে গুলশানের নিকেতন বাসভবনে বিদিশার কাছে হস্তান্তর করা হয়।
এর আগে সকালে হুসেইন মুহম্মদ এরশাদ সমঝোতা চুক্তিতে স্বাক্ষর জাতীয় পার্টির বর্ধিত সভায় যোগ দিতে কাকরাইলের ইনস্টিটউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-এ চলে যান। যাওয়ার সময় তিনি এরিখকে বিদিশার কাছে পাঠিয়ে দেওয়ার জন্যে তার আইনজীবী এবং ব্যক্তিগত কর্মকর্তাদের নির্দেশ দিয়ে যান।
জানা যায়, বিদিশার আইনজীবী কামরুজ্জামান মাহবুব ও রমজান আলী এবং এরশাদের আইনজীবী শেখ সিরাজুল ইসলাম ও মোহাম্মদ আলী জিন্নাহ বেলা পৌনে ১১টায় একটি মাইক্রোবাসযোগে এরিখকে নিয়ে গুলশানের প্রেসিডেন্ট পার্ক বাসভবন থেকে বের হন।
তাদের সাথেই অপর একটি পিকেট ভ্যানে বিদিশার পোশাক এবং অন্যান্য সামগ্রীও পাঠিয়ে দেওয়া হয়।
এসময় তাদের সাথে এরশাদ ও বিদিশার পালকপুত্র আরমান এরশাদ আলম, এরশাদের ব্যক্তিগত সহকারি মেজর (অব.) খালেদ এবং অফিস স্টাফ বেলালও ছিলেন।
বেলা ১১টায় বিদিশার বাসভবন নিকেতনে পৌঁছেই তারা এরিখ ও আরমানকে বিদিশার হাতে তুলে দেন।
দেড় মাস পরে আদরের পুত্র এরিখকে কাছে পেয়ে বিদিশা আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি কান্নায় ভেঙ্গে পড়েন এবং এরিখকে কোলে তুলে নেন। এরিখের কাছে জানতে চান, সে কেমন আছে? এতদিন মাকে ছেড়ে কীভাবে সে ছিল।
দুপক্ষের আইনজীবীরা জানান, চুক্তির শর্ত অনুযায়ী এখন থেকে এরিখ সাতদিন এরশাদের কাছে এবং সাতদিন বিদিশার কাছে থাকবে।
এরিখের শারীরিক অসুস্থতার চিকিৎসা এবং শিক্ষার ব্যাপারে কোনও পক্ষই এককভাবে কোনও সিদ্ধান্ত নিতে পারবে না। দুপক্ষের প্রতিনিধিরাই আলোচনার ভিত্তিতে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।
তবে পালক পুত্র আরমানের ব্যাপারে কোনও সিদ্ধান্ত হয়নি। আরমান চাইলে দুপক্ষের কাছেই থাকতে পারবে।
