২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোগান্তির শিকার নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতির ২ লাখ গ্রাহক

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সমন্বয়হীন ও হটকারি সিদ্ধান্তের কারণে নরসিংদী পল্লী বিদ্যুত সমিতির প্রায় ২ লাখ গ্রাহক নানারকম ভোগান্তির শিকার হচ্ছে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2005, 02:24 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

সূত্র জানায়, পল্লী বিদ্যুৎ সমিতি-১ ও পল্লী বিদ্যুতায়ন বোর্ড মুখোমুখি অবস্থান করার ফলে নানারকম দুর্ভোগের শিকার হতে হচ্ছে গ্রাহকদের। দেশের ৬৭টি পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ সবচেয়ে বড় এবং বেশ লাভজনক একটি প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানটি বরাবরই একটি নির্বাচিত পরিচালন বোর্ড দ্বারা পরিচালিত হয়ে আসলেও ২৫ এপ্রিল পল্লী বিদ্যুতায়ন বোর্ড কোন কারণ ছাড়াই নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালন বোর্ড ভেঙ্গে দেয়। ফলে নির্বাচিত বোর্ডের ১৪ জন পরিচালক বাদী হয়ে হাইকোর্টে একটি রিট মামলা দায়ের করেন।

এর পরিপ্রেক্ষিতে আদালত পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে।

এর ফলে পল্লী বিদ্যুত ও পল্লী বিদ্যুতায়ন বোর্ড মুখোমুখি অবস্থান নেয়।

নির্বাচিত পরিচালন বোর্ড নিয়ে সৃষ্ট জটিলতার কারণে নতুন আবেদনকারী গ্রাহকদের সংযোগ দেওয়া ও পুরনো গ্রাহকদের লাইন সম্প্রসারণ করাসহ বিবিধ সমস্যা দেখা দিয়েছে।

এছাড়া, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কতিপয় অসাধু কর্মকর্তাদের টেন্ডার দুর্নীতির কারণে মিটার, বৈদ্যুতিক তার, ট্রান্সফর্মার, খুটি বিভিন্ন কাজে ব্যবহৃত প্রয়োজনীয় মালামাল সরবরাহ বিঘ্নিত হচ্ছে। ফলে পল্লী বিদ্যুৎ সমিতি

থেকে নতুন গ্রাহকরা সংযোগ পেতে নানা হয়রানির শিকার হচ্ছে।

এদিকে সিদ্ধান্তহীনতার কারণে পল্লী বিদ্যুৎ সমিতিতে বর্তমানে প্রায় আড়াই হাজার নতুন সংযোগের আবেদন পড়ে আছে বলে জানা গেছে।