২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিনমাসে দিনে গড়ে ১২ শিশু হত্যাকান্ডের শিকার হয়েছে

দেশে শিশু হত্যাকান্ড উদ্বেগজনক হারে বেড়েছে। গত এপ্রিল-জুন সময়ে দেশে মোট ১১৫৯ শিশু বিভিন্ন ঘটনায় নিহত হয়। সেক্ষেত্রে প্রতিদিন গড়ে ১২ শিশু হত্যাকান্ডের শিকার হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2005, 04:50 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

গত জানুয়ারি-মার্চ’০৫ সময়ে নিহত শিশুর সংখ্যা ছিল ৬৭৫।

ম্যাস লাইন মিডিয়া সেন্টারের (এমএমসি) নারী ও শিশু বিষয়ক তথ্য কেন্দ্র পরিচালিত সংবাদপত্রে প্রকাশিত নারী ও শিশু অধিকার লংঘনের সংবাদ ভিত্তিক সমীক্ষায় এ তথ্য পাওয়া যায়।  

প্রাপ্ত তথ্যে আরও দেখা যায়, এপ্রিল-জুন’০৫ সময়ে ঢাকার ১২ টি এবং ১৯৫ টি স্থানীয় সংবাদপত্রে মোট ২৫৮২ টি শিশু অধিকার লংঘন সংশ্লিষ্ট সংবাদ প্রকাশিত হয়েছে। এ সময়ে প্রায় ৩০ হাজার শিশু সরাসরি বিভিন্ন ধরনের নৃশংসতার শিকার হয়েছে।

এপ্রিল-জুন’০৫ সময়ে দুর্ঘটনায় সর্বাধিক ৬০২ শিশু নিহত হয়েছে। যাদের অধিকাংশই নিহত হয় সড়ক দুর্ঘটনায়। উক্ত সময়ে ৪৬৪ শিশু যৌন নির্যাতন এবং ধর্ষণের শিকার হয়েছে। এদের মধ্যে ২৩ শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়। এ সময়ে মোট ২৩৫ শিশু অপহৃত হয়। অপহৃতদের মধ্যে  মেয়ে শিশু ১৫৪। অপহৃতদের মধ্যে ৯ শিশুকে অপহরণের পর হত্যা করা হয়। এছাড়া অন্যান্য সহিংসতায় মোট ১০৩ শিশু নিহত হয়েছে। মূলত জমিজমা ও পারিবারিক বিরোধের জের ধরে শিশুরা এই হত্যাকাণ্ডের শিকার হয়েছে।

একই সময়ে ১৭৪ শিশু আত্মহত্যা করেছে, পাচার হয়েছে ১৩৫ এবং নিখের্ঁাজ হয় ৫২ শিশু।