আহছানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল নির্মাণ উদ্বোধন
আহছানিয়া মিশন ৫০০ শয্যা বিশিষ্ট ক্যান্সার হাসপাতালের প্রথম পর্যায়ের নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে রোববার শুরু হয়েছে। ডাচ--বাংলা ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম. সাহাবুদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচনের মাধ্যমে নির্মাণ কাজের উদ্বোধন করেন।
আহছানিয়া মিশনের উদ্যোক্তারা সাংবাদিকদের জানান, উত্তরার ১০ নম্বর সেক্টরে তুরাগ নদীর পাড়ে প্রায় তিন একর জমির ওপর এই ক্যান্সার হাসপাতাল প্রথম পর্বে আট তলা উচুঁ হবে। পরে এটি হবে ১৩ তলা।
জানা যায়, ডাচ বাংলা ব্যাংক এ হাসপাতালের প্রথম তলার নির্মাণে সকল অর্থ বহন করবে। প্রথম পর্যায়ে তারা চার কোটি টাকা অনুদান দিয়েছে। প্রথম তলাটির নাম হবে ‘ডাচ--বাংলা ফ্লোর’।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সচিব প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিকী, প্রফেসর এমআর খান, ডাচ--বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইয়াসিন আলী, নির্মাতা প্রতিষ্ঠান এবিসি’র চেয়ারম্যান সাইফুদ্দিন আহমেদ চৌধুরী প্রমুখ।
আহছানিয়া মিশনের নির্বাহী পরিচালক কাজী রফিকুল ইসলাম জানান, হাসপাতালটি নির্মাণে প্রায় দেড়শ কোটি টাকা ব্যয় হবে। সরকারের কাছ থেকে ইতিমধ্যে ২০ কোটি টাকা পাওয়া গেছে। লটারী ও বিত্তবানদের কাছ থেকে আরো অনুদান পাওয়া গেছে। বিদেশী সাহায্য ছাড়াই হাসপাতালটি নির্মাণ করা হচ্ছে।
তিনি জানান, গরীবদের নামমাত্র মূল্যে ও অসহায়দের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে।
