যশোরে হত্যা মামলায় একই পরিবারের ৩ জনের ফাঁসি, ২ জনের যাবজ্জীবন
যশোরের চাঞ্চল্যকর লিটন হত্যা মামলায় আদালত একই পরিবারের তিনভাইকে ফাঁসি এবং অপর দু’ভাইকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। দোষী প্রমাণিত না হওয়ায় আদালত সাজাপ্রাপ্তদের পিতা ও দু’চাচাকে মামলা থেকে অব্যাহতি দেন।
দীর্ঘ শুনানী শেষে রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা চতুর্থ এবং স্পেশাল ট্রাইব্যুনাল জজ মো. মাহবুবুর রহমান এ রায় দেন।
আদালত কাজী পান্না, কাজী মান্না ও কাজী আন্নাকে ফাঁসি এবং কাজী শাহীন ও কাজী তুহিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এছাড়া অভিযুক্তদের ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ১৯৯৮ সালের ১৯ জুন দুপুরে জেলার বেজপাড়া মাহফুজ সড়কে নির্মাণাধীন একটি বাড়ির সামনে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র ও ইট দিয়ে আঘাত করে আশিকুর রহমান লিটনকে মারাত্মক জখম করে। হাসপাতালের ভর্তি করার পর দিন লিটল মারা যায়। এ ঘটনায় নিহতের পিতা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলায় আটজনকে আসামি করা হয়।
