বাংলাদেশে চা রপ্তানি কমেছে, বিশ্বে বেড়েছে ঃ জাতিসংঘ প্রতিবেদন
২০০৩-২০০৪ অর্থবছরের তুলনায় ২০০৪-২০০৫ অর্থবছরে বাংলাদেশের চা রপ্তানি শতকরা এক ভাগের বেশি কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে চায়ের উৎপাদন বেড়েছে।
গত অর্থবছরে বিশ্বে চায়ের উৎপাদন বেড়ে দাঁড়ায় ৩ দশমিক ২ মিলিয়ন টন।
বৃহস্পতিবার জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা প্রকাশিত এক প্রতিবেদনে একথা জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ২০০৩ সালের তুলনায় গত অর্থবছরে বিশ্বে চায়ের রপ্তানি বেড়েছে ৫০ হাজার টন। তবে ভারত ও বাংলাদেশের মতো বৃহৎ রপ্তানিকারক দেশে চা উৎপাদন হ্রাস পেয়েছে।
বিশ্ব চায়ের বাজার ও এর অন্তর্বর্তীকালীন অবস্থা পর্যালোচনা করতে বালিতে আগামী ২০ থেকে ২২ জুলাই শুরু হতে যাওয়া চায়ের ওপর আন্তঃরাষ্ট্রীয় গ্রুপের বৈঠকের জন্য ফাও এ প্রতিবেদন প্রকাশ করে।
তুরস্ক, চীন, কেনিয়া, মালয়, শ্রীলংকা ও ইন্দোনেশিয়ায় চায়ের রপ্তানি বেড়েছে। এসব দেশের তুলনায় ভারত ও বাংলাদেশসহ অন্যান্য বৃহৎ উৎপাদনকারী দেশের উৎপাদন কমে গেছে।
বাংলাদেশ চা বোর্ডের পরিচালক আযহারুল ইসলাম শুক্রবার বিডিনিউজকে জানান, দেশের অভ্যন্তরে চায়ের চাহিদা বৃদ্ধি পাওয়ায় রপ্তানি কমেছে। তিনি বলেন, যে পরিমাণ অভ্যন্তরীণ চাহিদা ছিল, তা মেটাতে চায়ের বার্ষিক উৎপাদন বাড়ানো সম্ভব হয়নি।
তিনি বলেন, বছরে চাহিদা যেখানে বাড়ছে ৩ দশমিক ৫ শতাংশ হারে সেখানে উৎপাদন বাড়ছে মাত্র ১ থেকে ১ দশমিক ৫ শতাংশ।
তবে অনুকূল আবহাওয়ার কারণে এবছর চায়ের উৎপাদন রেকর্ড পরিমাণ বৃদ্ধি পাবে বলে তিনি আশা করছেন।
প্রতিবেদনে বলা হয়, ২০০৪ সালে বিশ্বে চায়ের রপ্তানি বেড়েছে ৪ দশমিক ৪ শতাংশ এবং এর পরিমাণ ১ দশমিক ৪৭ মিলিয়ন টন।
তবে ভারতে চায়ের উৎপাদন ৪ দশমিক ৩ শতাংশ হ্রাস পেয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে উৎপাদিত হয়েছে প্রায় ৮২০,২০০ টন।
২০০৪ সালে বিশ্বে চায়ের নিট রপ্তানি ১ দশমিক ৫ শতাংশ বেড়েছে, যার পরিমান ১ দশমিক ৪২ মিলিয়ন টন। চায়ের রপ্তানি উন্নত দেশে বিশেষ করে ইউরোপীয় দেশসমূহে ২ দশমিক ৪ শতাংশ, আমেরিকায় ৫ দশমিক ৩ শতাংশ এবং জাপানে ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
