২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় জোড়া পুলিশ হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

খুলনা জেলার রূপসা উপজেলার শিয়ালী ক্যাম্পের দুই পুলিশ হত্যা মামলার রায়ে আদালত ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। এছাড়া প্রত্যেক ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2005, 04:42 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত ২৬ জনকে ওই মামলা থেকে অব্যাহতি দিয়েছে।

বৃহস্পতিবার দুপুরে খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সামাদ এ রায় দেন।

মামলার দণ্ডপ্রাপ্ত আসামীদের পাঁচজন পলাতক এবং পাঁচজন জেলে রয়েছে।

দণ্ডপ্রাপ্ত আসামীরা হলো- মোস্তাফিজুর রহমান আকাশ, মাহবুব শেখ, মিজান মিয়া, হারুন শেখ, কিবরিয়া মোড়ল, রাজা শেখ, কামরুল শেখ, নান্নু মিয়া ওরফে নয়ন, নাসির শেখ, দিনো শিকদার ওরফে দিনো।

২০০৩ সালের ৩ জুলাই সকাল সাড়ে ১০টায় শিয়ালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শামসুল হক ও হাবিলদার মো. আবু বকর সিদ্দিক সাদা পোশাকে চরমপন্থি সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল) সম্বন্ধে খোঁজখবর নিতে বের হয়। তারা বামনডাঙ্গা বাজারের নজরুল ফকিরের চায়ের দোকানে গেলে চরমপন্থি সদস্যরা তাদের ওপর  গুলিবর্ষণ ও কুপিয়ে হত্যা করে।

হত্যার পর ঘাতকরা তাদের লাশ আঠারবেকি নদীতে ফেলে দেয়। পরের দিন ডুবুরিরা অভিযান চালিয়ে তাদের লাশ উদ্ধার করে। এ ঘটনার পর রুপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাদী হয়ে ওই থানায় একটি মামলা করেন।

মামলার শুনানীতে ২৭ জন স্বাক্ষীর স্বাক্ষ্য শেষে বৃহস্পতিবার বিচারক রায় দেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) এমএম আবু জাফর। আসামী পক্ষের আইনজীবী ছিলেন এড. এমএম মুজিবুর রহমান, এড. রজব আলী সরদার, এড. জসীমউদ্দিন আহমেদ, এড. নিরঞ্জন কুমার ঘোষ ও এড. এম ইলিয়াস খান।