বিদ্যুৎ প্রতিমন্ত্রীর চুক্তি পড়ার সময় নেই
বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ স্বীকার করেছেন যে বিদেশী কোম্পানির সঙ্গে বিভিন্ন চুক্তি সম্পর্কে বিশেষ কিছু পড়ার সময় তার নেই। অনেক সময় বিশদভাবে না পড়েই তাকে চুক্তিতে স্বাক্ষর করতে হয়।
বুধবার ‘এশিয়ায় জ্বালানি ও ব্যবসা সংক্রান্ত আন্তর্জাতিক দ্বন্দ্ব নিরসন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, একজন রাজনৈতিক ও সাংসদ হিসেবে আমরা পড়ার জন্য অত্যন্ত কম সময় পাই। এমনকি আজকের এই গোলটেবিল বৈঠকের বিষয় সম্পর্কে পড়ার সময় পাই নি। আসার সময় গাড়িতে বসে শুধু চোখ বুলিয়েছি।
বাংলাদেশ ইন্সটিটিউট অব ল’ এণ্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (বিআইএলআইএ) এই বৈঠকের আয়োজন করে। বৈঠকে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব পোর্টসমাউথের ইন্টারন্যাশনাল ল এণ্ড ইন্টারন্যাশনাল বিজনেস ল’র অধ্যাপক এএফএম মনিরুজ্জামান মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
প্রতিমন্ত্রী বলেন, বিদেশি কোম্পানিদের সঙ্গে সরকার এখন পর্যন্ত প্রত্যেকটি মামলায় হেরে গেছে। কেননা কোম্পানিগুলোর কাছে প্রয়োজনীয় তথ্য ও অভিজ্ঞ আইনজীবী ছিল।
তিনি বলেন, আর তাই অধিকাংশ মামলায় আমরা কম খরচে বিতর্ক নিষ্পত্তির চেষ্টা করি। বিদেশি কোম্পানিগুলোর আইনজীবীদের জন্য তহবিল রয়েছে। কিন্তু আমাদের তা নেই।
প্রতিমন্ত্রী জানান, তারা টাটার সঙ্গে আলোচনার জন্য পরামর্শক নিয়োগ করবেন। এ ব্যাপারে বিশেষজ্ঞ ও আইনজীবীদের নিয়ে এই পরামর্শক দল গঠন করা হবে।
মূল প্রবন্ধে অধ্যাপক মনিরুজ্জামান এশিয়ায় মামলার জন্য ব্যবহারিক সমস্যা তুলে ধরেন এবং বিকল্প দ্বন্দ্ব নিরসণের (এডিআর) একাধিক বর্ণনা দেন।
বিআইএলআইএ’র নির্বাহী পরিষদের সদস্য বিচারপতি নাইমুদ্দিন আহমেদ বলেন, দলীয়করণ ও লোভের কারণে জনগণ বিচার বিভাগের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলছে।
বৈঠকে অন্যান্যের মধ্যে, বিআইএলআইএ’র পরিচালক ওয়ালিউর রহমান, আওয়ামী লীগের সাংসদ কর্ণেল (অব.) ফারুক খান এমপি এবং বুয়েটের অধ্যাপক এম নুরুল ইসলাম বক্তব্য রাখেন।
