বাহরাইনে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড
বাহরাইনের এক গৃহবধূকে খুন করার অভিযোগে সেদেশের একটি আদালত দুই বাংলাদেশী নাগরিককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে। মানামা থেকে সোমবার এ খবর পাওয়া যায়।
বাংলাদেশী ওই দুই নাগরিক দুই সন্তানের জননী লতিফা আব্দুল্লাহ আবদুল আজিজকে করাত দিয়ে খুন করে।
খবরে বলা হয় হাইকোর্টের বিচারক আব্দুল রাহমান আল সাঈদ বলেন, তার দেখা এটাই সবচেয়ে বর্বর অপরাধ।
দণ্ডপ্রাপ্ত আসামীরা হলো-আবদুল আজিজ’র গৃহপরিচারিকা জেসমিন আনোয়ার হোসেন (২৩) এবং তার সহযোগী মোহাম্মদ হেলাল উদ্দিন (৩৩)।
২০০৪ সালের ২০ নভেম্বর লতিফা আবদুল আজিজ’র মৃতদেহ তার বাড়ির দেয়ালের কাছে একটি মুরগির ঘরের পাশে পাওয়া যায়।
বিচারক বলেন, জেসমিন আনোয়ার ও হেলাল উদ্দিন লতিফার সিন্দুকে রক্ষিত স্বর্ণ ও টাকা চুরির উদ্দেশ্যে এই খুন করে। তবে তারা খুব বেশি কিছু নিতে পারে নি।
তিনি বলেন, আসামীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তবে তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবে।
