চট্টগ্রাম থেকে অবশেষে আন্তর্জাতিক ফ্লাইট চালু
বিমানের ডিসি ১০ উড়োজাহাজ দুর্ঘটনার নয়দিন পর অবশেষে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চালু হলো।
বিমানবন্দর সূত্র জানায়, রোববার বিমানের ঢাকা--চট্টগ্রাম--মাসকাট রুটের বিজি--০২১ ফ্লাইটটি রাত ৯টায় দুশতাধিক যাত্রী নিয়ে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে। রাত পৌনে ১০টার দিকে নির্বিঘেœ ফ্লাইটটি চট্টগ্রাম পৌঁছে।
ওই ফ্লাইটটিতে চট্টগ্রাম থেকে ১৬১ জন যাত্রী মাসকাট যাচ্ছেন।
সকালে সেনা, নৌ ও বিমান বাহিনী, রেল এবং সিভিল এভিয়েশন কর্মীদের চেষ্টায় বিধ্বস্ত ডিসি ১০ উড়োজাহাজটিকে রানওয়ের পাশ থেকে সরিয়ে ফেলা সম্ভব হয়। উদ্ধার কাজে ব্যবহার করা হয় নৌ ও রেলওয়ের বিশালাকৃতির ক্রেন, ট্রলি এবং সেনাবাহিনীর ট্যাঙ্ক।
সর্বশেষ উদ্ধার তৎপরতা দেখতে রোববার সকালে ঢাকা থেকে ছুটে আসেন বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক কর্নেল (অব.) মাহমুদুর রহমান, সিভিল এভিয়েশন-এর চেয়ারম্যান এয়ার কমডোর হারুন উর রশিদসহ উর্ধ্বতন কর্মকর্তারা। তাদের সবুজ সংকেত পাওয়ার পরই চট্টগ্রাম বিমানবন্দর আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের জন্য উন্মুক্ত বলে ঘোষণা করা হয়।
জানা যায়, গত নয়দিনে চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন রুটের মোট ২৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়। এরমধ্যে পাঁচটি থাই এয়ারের এবং বাকি ২০টি বিমানের।
১ জুলাই বিমানের দুবাই থেকে আসা ডিসি--১০ উড়োজাহাজটি দুর্ঘটনায় বিধ্বস্ত হয়। অল্পের জন্যে এর ২০০ যাত্রী প্রাণে রক্ষা পান। ওই বিধ্বস্ত উড়োজাহাজটির উদ্ধার তৎপরতার কারণে এতদিন চট্টগ্রাম থেকে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রাখা হয়।
