১৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার চার্জশিট আদালতে দাখিল
১৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে সার্জেন্ট জুলফিকার আলীর বিরুদ্ধে শনিবার আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শামসুল ইসলাম দ্রুত বিচার আইনের ৪ ধারায় একমাত্র আসামী জুলফিকার আলীর বিরুদ্ধে চার্জশিট প্রদান করেন।
চার্জশিটে সরকার পক্ষ ৩২ জনকে স্বাক্ষী হিসেবে দেখিয়েছে। শনিবার দুপুরে ঢাকা দ্রুত বিচার আদালত ম্যাজিস্ট্রেট মীর আলী রেজা এই চার্জশিট গ্রহণ করেন।
২৮ জুন সার্জেন্ট জুলফিকার আলী বিজয়নগর মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী আজহার আলীর কাছ থেকে পাঁচ লাখ ৫৩ হাজার টাকা এবং ৫০ হাজার সৌদি রিয়েল ছিনতাই করে। ছিনতাইকালে জুলফিকার তার ডিউটি কার্ড, মটর সাইকেলের চাবি ও ব্যবহৃত চশমা ছিনতাইয়ের শিকার আজহার আলীর গাড়িতে ফেলে যায়। ঘটনার পরদিন ডিবি পুলিশ সার্জেন্ট জুলফিকারকে তার বাসা থেকে গ্রেফতার করে।
পুলিশ তিন দফায় ছয়বার তাকে রিমান্ডে নিয়েও তার কাছ থেকে কোন টাকা উদ্ধার করতে পারেনি। রিমান্ডে থাকা অবস্থায় সে জানায়, ছিনতাইকৃত টাকা তার সোর্স শাজাহানের কাছে রয়েছে। কিন্তু সার্জেন্ট কোন ঠিকানা জানাতে না পারায় শাহজাহানকে চার্জশিটে অন্তর্ভূক্ত করা যায় নি। পৃথকভাবে ছয়দিনের রিমান্ড শেষে শুক্রবার সিএমএম আদালত থেকে সার্জেন্ট জুলফিকারকে জেল হাজতে পাঠানো হয়েছে। এ মামলার বাদি হচ্ছেন ছিনতায়ের শিকার মানি এক্সচেঞ্জের মালিক আজাহার আলী।
