এবারো ওয়েবসাইটে ফল পেতে এক ঘন্টার বিলম্ব, মোবাইল ফোনে সিস্টেম বিপর্যয়
ওয়েবসাইটে এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষার ফলাফল পেতে এবারো পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রায় এক ঘন্টা অপেক্ষা করতে হয়েছে।
এদিকে মোবাইল ফোন কোম্পানী ‘একটেল’ ম্যাসেজ অপশনে তাদের মোবাইলে ফলাফল জানা যাবে বলে বিজ্ঞাপন প্রচার করলেও সিস্টেম বিপর্যয়ের কারণে এসএমএস পাঠিয়েও পরীক্ষার্থীরা কোনো উত্তর পাচ্ছে না।
এসব কারণে অনেক শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ফলাফল জানার জন্য স্কুল ও সাইবার ক্যাফেগুলোতে ভীড় করতে দেখা যায়। পোহাতে হয় সীমাহীন দুর্ভোগ।
মন্ত্রণালয়ের ঘোষণা ছিল, শনিবার বিকেল চারটা থেকেই ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে। কিন্তু ওয়েবসাইটে ফলাফল আসতে সময় লেগে যায় বিকাল প্রায় পাঁচটা।
২০০৪ সালে প্রথমবারের মতো ওয়েবসাইটে এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষার ফলাফল ওয়েবসাইটে দেওয়া হয়। সে বছর নির্ধারিত সময়ের আড়াই ঘন্টা পরে সন্ধ্যা সাড়ে ছয়টায় ওয়েবসাইটে ফলাফল পাওয়া যায়।
এদিকে অনেক পরীক্ষার্থীর অভিযোগ, মোবাইল অপারেটর কোম্পানী ‘একটেল’ ঘটা করে বিজ্ঞাপন দিলেও তারা এসএমএস’র মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের পরীক্ষার ফলাফল জানাতে পারেনি। কোম্পানীর ঘোষণা অনুযায়ী এসএমএস করলেও পাওয়া যায়নি ফলাফল সংক্রান্ত কোনো পাল্টা এসএমএস।
গত বছরও কয়েকটি মোবাইল ফোন অপারেটর কোম্পানী শিক্ষার্থীদের এসএমএস’র মাধ্যমে ফলাফল পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়ে ব্যর্থ হয়। ওই বছর একই সঙ্গে এত বেশি পরিমানে এসএমএস করা হয় যে, মোবাইল নেটওয়ার্কে দেখা দেয় জট।
