সংসদ গঠিত হওয়ার তৃতীয় অধিবেশনের মধ্যেই স্থায়ী কমিটি গঠনের সিদ্ধান্ত
জাতীয় সংসদ গঠিত হওয়ার তৃতীয় অধিবেশনের মধ্যেই সকল সংসদীয় স্থায়ী কমিটি গঠন করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সংসদীয় গণতন্ত্র চর্চাকে আরো শক্তিশালী করতে এ উদ্যোগ গ্রহণ করা জরুরি।
বৃহস্পতিবার সংসদের স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত কার্যপ্রণালী বিধি সংক্রান্ত স্থায়ী কমিটির সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান হুইপ খন্দকার দেলোয়ার হোসেন এ সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নেন।
সভা শেষে স্পীকার বিডিনিউজকে বলেন, অতীত অভিজ্ঞতা থেকে দেখা যায়, সংসদ গঠিত হওয়ার পর দুই থেকে তিন বছর লেগে যায় স্থায়ী কমিটি গঠন করতে। এ কারণে ‘মিনি পার্লামেন্ট’ খ্যাত স্থায়ী কমিটিগুলোর মাধ্যমে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা যায় না।
তিনি বলেন, এসব বিষয় বিবেচনা করেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্পীকার জানান, ওই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্যে শিগগিরই কার্যপ্রণালী বিধির প্রয়োজনীয় সংশোধনী আনা হবে।
সভা সূত্র জানায়, স্থায়ী কমিটি গঠনের ক্ষেত্রে সময়সীমা বেঁধে দেওয়ার বিষয়ে বিএনপি সাংসদ মঞ্জুর কাদেরের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ওই সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে সিদ্ধান্তের বিরোধিতা করে চীফ হুইপ খন্দকার দেলোয়ার হোসেন সভায় বলেন, স্থায়ী কমিটি গঠনের বিষয়ে সংসদে কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। তাই এ বিষয়ে সরকারকে স্বাধীনতা দেওয়া দরকার।
সভায় আইনমন্ত্রী ব্যরিস্টার মওদুদ আহমদ, কৃষিমন্ত্রী এমকে আনোয়ার, মশিউর রহমান, রহমত আলী, আবুল মান্নান, শাহ রুহুল কুদ্দুস প্রমুখ যোগ দেন।
