২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে বোতলজাত এলপি গ্যাসের চাহিদা তিন লাখ মেট্রিক টন, উৎপাদন মাত্র ২৩ হাজার মেট্রিক টন

দেশে বর্তমানে বোতলজাত এলপি গ্যাসের চাহিদা প্রায় তিন লাখ মেট্রিক টন হলেও উৎপাদন হয় মাত্র ২৩ হাজার মেট্রিক টন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2005, 07:34 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

এছাড়া বেসরকারি প্রতিষ্ঠানসমূহ বিভিন্ন দেশ থেকে বছরে প্রায় ৫০ হাজার মেট্রিক টন এলপি গ্যাস আমদানি করে।

বিএনপি’র সদস্য দেলোয়ার হোসেন দুলুর এক প্রশ্নের জবাবে সংসদ কাজে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বৃহস্পতিবার সংসদে এ কথা জানান।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশে উৎপাদিত এলপি গ্যাসের মধ্যে ইস্টার্ন রিফাইনারি ১৫ হাজার মেট্রিক টন এবং কৈলাশটিলা প্লান্ট থেকে আট হাজার মেট্রিক টন উৎপাদিত হয়।

দেশের বর্তমান চাহিদার এ বিরাট ঘাটতি পূরণে সরকার কৈলাশটিলার এলজিপি প্লান্ট সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে।  এছাড়া বিদেশ থেকে আমদানির ক্ষেত্রে শুল্ক প্রত্যাহার করা হয়েছে।

জাতীয় পার্টির গোলাম মোহাম্মদ কাদেরের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রংপুর জেলার ভূ গর্ভস্থ আদিশিলায় সোনা, রুপা, দস্তার সন্ধান পাওয়া গেছে। তবে তার পরিমান অত্যন্ত কম। যা অর্থনৈতিকভাবে গুরুত্ব বহন করে না।