আজিমপুর কবরস্থানের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া জমি দেড় বছর পর পেলো ডিসিসি
আজিমপুর কবরস্থানের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া দুই একর জমি ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) দেড় বছর পর পেলো। এতদিন পর খাদ্য মন্ত্রণালয় ডিসিসিকে এই জমি হস্তান্তর করেছে।
ডিসিসি সূত্র জানায়, প্রধানমন্ত্রী খালেদা জিয়া ২০০৪ সালে ১৪ জানুয়ারি আজিমপুর কবরস্থান সংলগ্ন খাদ্য মন্ত্রণালয়ের এক খ- জমি ডিসিসিকে হস্তান্তর করেন। তিনি আবেদনের পরিপ্রেক্ষিতে ওই জমিটি ডিসিসিকে বরাদ্দ দেন।
ডিসিসি সূত্র জানায়, প্রধানমন্ত্রী ওই জমিটি বরাদ্দ দিলেও এতদিন খাদ্য মন্ত্রণালয় জমিটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করতে গড়িমসি করে। শেষ পর্যন্ত এ বছর ১ জুলাই জমিটি ডিসিসিকে বুঝিয়ে দেওয়া হয়।
সূত্র জানায়, ঢাকার চারটি কবরস্থানে প্রতিদিন প্রায় ১০০ থেকে ১২০টি লাশ দাফন করা হয়। এরমধ্যে ঐতিহ্যবাহী আজিমপুর কবরস্থানে জায়গার সংকট চরমে। এ অবস্থাতেও প্রায় প্রতিদিনই ৩৫ থেকে ৪০টি মরদেহ কবর দিতে হয় সেখানে।
নগরীর কবরস্থান উন্নয়ন প্রকল্পে চলতি অর্থবছরের বাজেটে ডিসিসি পাঁচ কোটি টাকার বরাদ্দ দিয়েছে। নগরবাসীর দুর্ভোগ লাঘবে প্রকল্পের আওতায় ডিসিসি কর্তৃপক্ষ এখন অনেকটাই তড়িঘড়ি করেই ওই অংশের উন্নয়ন কাজ শুরু করেছে বলে জানা গেছে।
ডিসিসির মেয়র সাদেক হোসেন খোকা বিডিনিউজকে জানান, আরো চারটি নতুন কবরস্থান নির্মাণ প্রকল্প বিভিন্ন দপ্তরের অনুমোদন শেষে বর্তমানে একনেকের সভায় উত্থাপণের অপেক্ষায় রয়েছে।
তিনি বলেন, একনেকের অনুমোদন পাওয়া গেলে চলতি অর্থবছরেই প্রকল্পের কাজ শুরু হবে।
