নীলফামারীর ঝাড়সিংহেস্বরে বাঘের উৎপাত : রাত জেগে পাহাড়া দিচ্ছে গ্রামবাসী
সীমান্ত অতিক্রম করে ঢুকে পড়া একটি চিতা বাঘের আতঙ্কে তিন দিন ধরে রাত জেগে পাহাড়া বসিয়েছে নীলফামারী জেলার ডিমলা উপজেলার পূর্বছাতনাই ইউনিয়নের বন্যা কবলিত ঝাড়সিংহেস্বর মৌজার শত শত গ্রামবাসী।
সূত্র জানায়, তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদী সাঁতরে সোমবার বিশালাকার ওই চিতা বাঘটি এ এলাকায় ঢুকে পড়ে।
গত তিন দিনে ওই চিতা বাঘটি গ্রামবাসীর বেশ কিছু ছাগল ও হাঁস-মুরগী খেয়ে ফেলে। এক দিকে বন্যা অন্য দিকে বাঘের ভয় তাদের দিশেহারা করে তুলেছে।
সীমান্তের ওপারে গজলডোবা ব্যারেজ খুলে দেয়ায় হাঠৎ করেই বুধবার রাতে নতুন করে বন্যা দেখা দিয়েছে পূর্বছাতনাই ইউনিয়নের দশটি গ্রামে। ফলে দেড় শতাধিক পরিবার ঘর-বাড়ি ছেড়ে তিস্তা নদীর ডানতীরের বাঁধে আশ্রয় নিয়েছে।
আতংকিত শত শত গ্রামবাসী মশাল, লাঠি-বল্ল¬ম নিয়ে রাত জেগে পাহারা বসিয়েছে। ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খান বাঘের উৎপাতের কথা স্বীকার করে বলেছেন, গত বছর এ সময় ভারত থেকে একটি চিতা বাঘ এই এলাকায় ঢুকে লোকজনকে আহত করে এবং পরে গ্রামবাসীর সহায়তায় ডিমলা পুলিশ বাঘটিকে হত্যা করে। তখন থেকেই এলাকার মানুষের মধ্যে একটা বাঘের ভীতির সৃস্টি হয়েছে। তিনি জানান, গত তিন দিন ধরে গ্রামের বিভিন্ন স্থানে বাঘের পায়ের চিহ্ন দেখা গিয়েছে।
