ই-মেইলে স্বাস্থ্য সুরক্ষা
অফিসে স্বাস্থ্য বিষয়ক ই-মেইল প্রেরণ করলে তা কর্মচারিদের মাঝে স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ ও শরীরচর্চার প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি বয়ে আনে বলে দাবী করছে এডমন্টনের আলবার্টা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। নতুন এই গবেষণায় বলা হয়, এ ধরণের ই-মেইল অল্প সময়ের মধ্যে স্বাস্থ্য সম্পকির্ত আচরণে সামান্য হলেও উপকারী প্রভাব ফেলবে।
কানাডার দু’হাজার পাঁচশ’ আটানব্বই জন কর্মজীবীর ওপর গবেষণা চালিয়ে এ প্রমাণ পাওয়া গেছে।
গবেষক দলের প্রধান রোনাল্ড প্লটনিকফ মধ্যবর্তী ও নিয়ন্ত্রক-এই দুই দলে পরীক্ষণকারীদের বিভক্ত করেন। ‘ইন্টারভেনশন’ দলকে ই-মেইল পাঠানো হলেও ‘কন্ট্রোল’ দলকে কোন ই-মেইলই পাঠানো হয়নি।
শরীরচর্চা, পুষ্টিকর খাদ্যগ্রহণসহ স্বাস্থ্যকর লাইফস্টাইল অনুকরণের পথ নির্দেশনা সম্বলিত ই-মেইলের উত্তরে তারা তাদের মনোভাব প্রকাশ করেন।
ইন্টারভেনশন দল শারিরীক কর্মক্ষমতা ও খাদ্যাভাস পরিবর্তনের ব্যাপারে উৎসাহী মনোভাব প্রদর্শন করে।
পরে গবেষকরা সিদ্ধান্তে আসেন যে, ই-মেইল স্বাস্থ্য সুরক্ষায় কার্যকর ভূমিকা পালন করে।
