রাজউকের প্লটের মূল্য কিস্তিতে আদায়ের ক্ষেত্রে সুদের হার ৫ শতাংশ কমানো হয়েছে
রাজউকের প্লটের মূল্য কিস্তিতে আদায়ের ক্ষেত্রে সুদের হার ৫ শতাংশ কমানো হয়েছে। সুদের হার আগের ১৭ ভাগের স্থলে এখন শতকরা ১২ ভাগ নির্ধারণ করা হয়েছে।
সোমবার জাতীয় সংসদের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৭ তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অংশ নেন কমিটির সদস্য মো. আলমগীর হায়দার খান, নুর ই আলম চৌধুরী (লিটন), আলমগীর মো. মাহফুজউল্লাহ ফরিদ, মো. সুলতান মাহমুদ বাবু, মো. আবদুল মোত্তালিব আকন্দ। বিশেষ আমন্ত্রণে সভায় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবীর।
বৈঠকে অপচয় রোধে সমন্বিত কার্যক্রম গ্রহণের ওপর তাগিদ দেওয়া হয়। এ ক্ষেত্রে ওয়াসা ও ডেসার কাজের মধ্যে সমন্বয় সাধন জরুরি বলে অভিমত ব্যক্ত করা হয়। এছাড়া টেলিফোন, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের জন্যে বার বার সড়ক খনন না করতে কমিটি মন্ত্রনালয়কে পরামর্শ দেয়।
