সংসদে মান্নান ভুঁইয়া: দেশে ১,৯৬৫ টি এনজিও আছে
দেশে বর্তমানে বিদেশি ও বিদেশি সাহায্যপুষ্ট দেশি মোট ১ হাজার নয় শ’ ৬৫টি বেসরকারি সংস্থা (এনজিও) রয়েছে।
এ হিসাব মে ৩০ ২০০৫ তারিখ পর্যন্ত। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী আবদুল মান্নান ভুঁইয়া সোমবার সংসদে এ কথা জানান।
বিএনপি’র সদস্য মো. গিয়াস উদ্দিন (নারায়নগঞ্জ-৪)-এর প্রশ্নের জবাবে এলজিআরডি মন্ত্রী আরো বলেন, এসব এনজিও সরকারের এনজিও বিষয়ক ব্যুরো’র আওতায় নিবন্ধীকৃত। তিনি বলেন, বৈদেশিক সাহায্য (স্বেচ্ছাসেবী কাজ) নিয়ন্ত্রণ অধ্যাদেশ (১৯৭৮) এর আওতায় কাজ করে এসব বেসরকারি সংস্থা।
মান্নান ভূঁইয়া সংসদকে আরও জানান, দেশের বিদেশি বা বিদেশি সাহায্যপুষ্ট বেসরকারি সংগঠনগুলো এছাড়াও বিদেশি অনুদান (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ এর আওতায় নিয়ন্ত্রিত হয়।
আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে বর্তমানে ৭০ হাজার সাত শ’ ৩৬টি কৃষি সমবায় ব্যাংক রয়েছে। এর মধ্যে নারী সমবায় ব্যংক রয়েছে ১০ হাজার আট শ’ ৩৬টি।
মন্ত্রী বলেন, সমবায় ব্যাংকগুলো যাতে কৃষিঋণ দিতে পারে সে ব্যাপরে সরকার বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছে।
