২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলা ভাইয়ের নামে চাঁদা তুলতে এসে ২ কিশোর গ্রেফতার

নীলফামারী এলজিইডির নির্বাহী প্রকৌশলীর দপ্তরে বাংলা ভাইয়ের নামে চাঁদা তুলতে এসে সোমবার  দুই কিশোর গ্রেফতার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নীলফামারী প্রতিনিদি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2005, 06:48 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

পুলিশ সূত্র জানায়, আগে থেকে ওৎ পেতে থাকা নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাব আলীর নেতৃত্বে একদল পুলিশ ওই দুজনকে গ্রেফতার করে। তবে তাদের দলনেতাকে আটক করা যায়নি। পুলিশ তাদের জঙ্গি দলের সদস্য হিসেবে সন্দেহ করছে।

সূত্র আরও জানায়, জঙ্গি সদস্যদের চিকিৎসার নাম করে বাংলা ভাই ক্যাডার পরিচয় দিয়ে ওই দুই কিশোর শনিবার টেলিফোনে এলজিইডির নির্বাহী প্রকৌশলী একেএম মোস্তফা কামালের কাছে চার লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি এক লাখ টাকা দেওয়ার কথা স্বীকার করলে সোমবার বেলা ১১টার দিকে ওই টাকা নিতে এক কিশোর নির্বাহী প্রকৌশলীর দপ্তরে ঢুকে চিরকুট দেয়। সেসময় প্রকৌশলীর দপ্তরে কর্মচারি বেশে ওৎ পেতে থাকা পুলিশ সদস্যরা তাকে আটক করে। পরে মোবাইল ফোনে তার সঙ্গীকে ডেকে আনা হয়। এরপর তাকেও আটক করা হয়।

আটকের পর তারা নিজেদের বিভিন্ন রকম পরিচয় দেয়। কারা তাদের পাঠিয়েছে, তা না জানিয়ে তারা টেলিফোনে পাওয়া নির্দেশে এ অপারেশন চালায় বলে জানায়।

গ্রেফতার হওয়া দুই কিশোরের একজনের পকেট থেকে লক্ষ্মীপুর জেলার একটি কলেজের প্রথম বর্ষের ছাত্রের পরিচয়পত্র ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরিচয়পত্রে তার নাম আজাদ হোসেন বলে লেখা রয়েছে। অপরজনের নাম রেজাউল বলে সে পুলিশের কাছে জানিয়েছে। তার বাড়ি যশোর জেলায় বলে জানায়।

তাদের উল্লেখিত মোবাইল নম্বরে ফোন করা হলে কথিত দলনেতা বলে, ‘আশপাশে আছি’। তবে পুলিশ অভিযান চালিয়ে তাকে খুঁজে পায়নি।

দুই কিশোর তাদের এ নির্দেশদাতাকে চোখে দেখেনি বলে উল্লেখ করে। নেতার নাম কবির বলে তারা জানায়।

এ ব্যাপারে নীলফামারী থানায় চাঁদাবাজির একটি মামলা রেকর্ড হয়েছে।