অপহরণের ৩০ ঘন্টা পর নেত্রকোনা থেকে এক কিশোর উদ্ধার
নালিতাবাড়ির কাকরকান্দি গ্রাম থেকে অপহৃত যোবায়ের হোসেন বাবুকে (৭) অপহরণের ৩০ ঘন্টা পর নেত্রকোনার পূর্বধলা থানা থেকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ এক মহিলাসহ চার অপহরণকারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছেন এরশাদ আলী(২২), আব্দুল হেকিম(২৩), হাফিজ উদ্দিন(৪২) এবং ফাতেমা বেগম(৩৬)।
পুলিশ সূত্রে জানা যায়, নালিতাবাড়ি উপজেলার কাকরকান্দি গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে যোবায়ের হোসেন বাবু। অপহরণের পর অপহরণকারীরা মোবাইল ফোনে আবু বকরের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। ঘটনাটি নালিতাবাড়ি থানা পুলিশকে জানালে তারা মোবাইলের সূত্র ধরে নেত্রকোনার পূর্বধলা থানা পুলিশের সহায়তায় শিশু যোবায়েরসহ চার অপহরণকারীকে গ্রেফতার করে।
এ ব্যাপারে নালিতাবাড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ট আইনের ২২ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী শেষে গ্রেফতারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।
