টেংরাটিলায় আগুন নেভাতে রিগ নেওয়ার কাজ শুরু করেছে নাইকো
অবিরাম জ্বলতে থাকা টেংরাটিলা গ্যাসক্ষেত্রের আগুন নেভাতে মৌলভীবাজার থেকে একটি রিগ ছাতকে নেওয়ার কাজ শুরু করেছে কানাডীয় কোম্পানি নাইকো রিসোর্সেস। ২৪ জুন থেকে এ গ্যাসক্ষেত্রে আগুন জ্বলছে।
নাইকো রিসোর্সেস বাংলাদেশ লিমিটেডের সভাপতি কাসিম শরিফ রোববার বলেন, ছাতক গ্যাসক্ষেত্র এলাকায় পানি বৃদ্ধি পাওয়ায় জাহাজের মাধ্যমে সেঞ্চুরি অব অস্ট্রালিয়ার এ রিগটি সরাসরি খনন এলাকায় নিয়ে যাওয়া হবে।
এর আগে ইউনোকল এ রিগটি মৌলভীবাজার গ্যাসক্ষেত্রে ব্যবহার করে।
কাসিম শরিফ জানান, প্রথম রিলিফ কূপ খননের জন্য যেসব গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছিলো অনেকগুলোই উদ্ধার করা সক্ষম হয়েছে।
এক বিবৃতিতে তিনি বলেন, উদ্ধারকৃত যন্ত্রাংশ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দ্বিতীয় রিলিফ কূপ খনন ভালোভাবে সম্পন্ন করে গ্যাসক্ষেত্রের আগুন নিয়ন্ত্রণের কাজে আমরা এসব যন্ত্রাংশ ব্যবহার করতে পারব।
তিনি আরও বলেন, নাইকো ইতিমধ্যে বাপেক্স, পেট্রোবাংলা ও সরকারের কাছে টেংরাটিলার আগুন নিয়ন্ত্রণে দ্বিতীয় রিলিফ কূপ খনন সংক্রান্ত প্রস্তাব রেখেছে।
নাইকোর বাংলাদেশ প্রধান বলেন, সরকারের অনুমোদন পেলে আমরা খনন কাজ শুরু করব।
তিনি আরও জানান, ছাতক গ্যাসক্ষেত্রের পার্শ্ববর্তী ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর মধ্যে নাইকো ১ কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকা প্রদান করেছে।
কাসিম শরিফ বলেন, এছাড়াও প্রতিমাসে আমরা গ্রামবাসীদের মাঝে আরও আট লাখ টাকা বিতরণ করছি।
