২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবিরাম বৃষ্টিতে ছাতা ব্যবসায়ীদের বিক্রি বেড়েছে

একটানা বৃষ্টি সবার জন্যে দুর্ভোগের হলেও ছাতা ব্যবসায়ীদের জন্যে সৌভাগ্য ডেকে এনেছে। গত দু-তিন দিনের টানা বৃষ্টিতে তাদের সারা বছরের মন্দা ব্যবসা চাঙ্গা হয়ে উঠেছে। ছাতা বিক্রি বেড়েছে আগের তুলনায় একশ’ ভাগ। ছাতা বিক্রেতাদের পাশাপাশি বিভিন্ন মালামালের খুচরা বিক্রেতা হকারদের মধ্যেও ছাতা বিক্রির হিড়িক পড়েছে। অন্যান্য  পণ্য বাদ দিয়ে ছাতা বিক্রিতে মন বেশি তাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2005, 06:49 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

বাজারে ছাতার দামও গেছে বেড়ে। পুরনো ঢাকার ছাতা বিক্রেতা রহমান মিয়া জানালেন, দু দিনে বিক্রি শতগুণ বৃদ্ধি পেয়েছে। শনি ও রোববারেই আমরা দুই শ’রও বেশি ছাতা বিক্রি করেছি।

অন্যদিকে, যেসব হকার এতদিন সানগ্লাস, ঘড়ি খেলনা ইত্যাদির পসার সাজিয়ে রাস্তার পাশে বসে যেতো তারাও হুট করে বৃষ্টির সুযোগ নিয়ে ছাতা বিক্রি করতে বসে গেছে। নগদ লাভের টাকা গুনে নিচ্ছে পকেটে।

মতিঝিল এলাকার হকার মহিউদ্দিন বলেন, সানগ্লাস নয় বৃষ্টির দিনে ছাতা বিক্রিতেই বেশি লাভ হচ্ছে।

মতিঝিলের সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ের সামনে একটি চৌকির ওপর গোড়ালি পর্যন্ত ডুবে যাওয়া পানিতে দাঁড়িয়ে একশ’ টাকা করে চায়না নাম দিয়ে ছাতা বিক্রি করছিলেন মহিউদ্দিন। তিনি আরও বলেন, শনিবারে সারাদিনে ৫০ টি বিক্রি করেছিলাম, কিন্তু আজ বারোটার মধ্যে বিক্রির সংখ্যা একশ’ ছাড়িয়ে গেছে।  ক্রেতার চাহিদা বাড়ার সাথে সাথে দামও বেড়ে যাচ্ছে হু হু করে।

মাহমুদুর রহমান নামের একজন অফিসগামী ক্রেতা জানালেন, গতকাল একশ’ টাকায় যে ছাতা কিনেছি আজ সেই একই ছাতাস্ত্রীর জন্য আরেকটি কিনতে গিয়ে একশ’ ২০ টাকা দিতে হয়েছে।