টানা ভারি বর্ষণে জনজীবন বিপর্যস্ত
টানা ১২ ঘন্টার ভারি বর্ষণ ও জলাবদ্ধতায় রোববার ঢাকার জনজীবন অচল হয়ে পড়ে।
সচিবালয়সহ মহানগরীর প্রধান প্রধান সড়ক ও বিভিন্ন এলাকায় পানি জমে থাকে। মৌসুমী বায়ুর প্রভাবে একটানা এ বৃষ্টিতে শহরের নিুাঞ্চল হাঁটু পানিরও নিচে চলে যায়। এসময় ঢাকার বাইরেও ব্যাপক বৃষ্টিপাত হয়।
পানি নিষ্কাষণের তাৎক্ষণিক কোনো ব্যবস্থা না থাকায় গোটা রাজধানী জুড়ে সৃষ্টি হয় জলাবদ্ধতা। নগর জীবন হয়ে পড়ে বিপর্যস্ত।
প্রধান প্রধান সড়কে চলাচলকারি যন্ত্রচালিত যানবাহনের ইঞ্জিনে পানি ঢুকে বিকল হয়ে পড়ে রাস্তার মাঝখানে। এতে দুঃসহ যানজটের সৃষ্টি হয়। দুর্বিসহ যানজটের কবলে পড়ে যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়।
মৌসুমী জলবায়ু ও নিুচাপের প্রভাবে তিনদিন ধরে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিলো। শনিবার সকালে হাল্কা বৃষ্টি হলেও রাত বারোটার পর থেকে শুরু হয় ভারি বর্ষণ। রোববার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত একটানা ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকে। বিকেলেও গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিলো।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা যায়, ঢাকায় শনিবার রাত ১২টা থেকে রোববার বিকেল তিনটা পর্যন্ত ১৫১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে রোববার সকাল ৬টা পর্যন্ত প্রথম ছয় ঘন্টায় ৯২ মিলিমিটার, ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৫৫ মিলিমিটার এবং দুপুর ১২টা থেকে বিকেল তিনটা পর্যন্ত আরও চার মিলিমিটার বৃষ্টিপাত হয়।
এতে ঢাকার মতিঝিল, সবুজবাগ, খিলগাঁও, মালিবাগ, মৌচাক, শান্তিনগর, কাকরাইল, মগবাজার, শাহবাগ, নীলক্ষেত, নিউ মার্কেট, সায়েন্স ল্যাবরেটরি, জিগাতলা, ধানম-ি, মোহাম্মদপুর, আসাদগেট, ফার্মগেট, পান্থপথ, সংসদ ভবন এলাকা, আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর ১০ নম্বর গোলচক্কর, ১ নম্বর গোলচক্কর ও পুরনো ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।
আবহাওয়া দপ্তর জানায়, আগামী দুই থেকে তিন দিন বৃষ্টি অব্যাহত থাকবে। এসময় থেমে থেমে বৃষ্টিপাত হবে। দিনে সূর্য দেখা না যাওয়ারও সম্ভাবনা রয়েছে। ঢাকার বাইরে দেশব্যাপিও এ ধরনের বর্ষণ হচ্ছে।
ঢাকার বাইরে কুতুবদিয়ায় ৬২ মিলিমিটার, ফরিদপুরে ৬৩ মিলিমিটার, ভোলায় ৪২ মিলিমিটার, চাঁদপুরে ৩১ মিলিমিটার, কোম্পানিগঞ্জে ৩১ মিলিমিটার, টেকনাফে ১৯ মিলিমিটার, বগুড়ায় ২৮ মিলিমিটার এবং খেপুপাড়ায় ৩৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া দেশের অন্যান্য স্থান থেকেও বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।
আকস্মিক বৃষ্টিপাতে রাজধানীতে সৃষ্ট জলাবদ্ধতার প্রথম শিকার হয় সকালের অফিসগামী লোকজন। রিকশা বা অন্য যানবাহনের সংখ্যা ছিল অত্যন্ত কম। বৃষ্টিতে ভিজেই দীর্ঘসময় দাঁড়িয়ে থেকে রিকশা বা অটোরিকশা পাওয়া গেলেও রাস্তায় পানি জমে থাকার কারণে নানা সড়ক ঘুরে তাদের কর্মস্থলে যেতে হয়। বিভিন্ন রুটে বাস মিনিবাস চললেও বেশিরভাগ মিনিবাস অতিরিক্ত যাত্রী নেওয়া বন্ধ করে দেয়। ফলে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে বাসে উঠতে হয় অনেককেই।
কেউ কেউ ব্যক্তিগত গাড়ি নিয়ে পথে বেরিয়েও বিপদে পড়েন। রাস্তায় জমে থাকা হাঁটু পরিমাণ পানিতে বিকল হয়ে যায় ইঞ্জিন। এসব গাড়ির জন্যে রাস্তায় দীর্ঘসময় দাঁড়িয়ে থেকে অনেককেই গন্তব্যে পৌঁছতে হয় নির্ধারিত সময়ের অনেক পরে। অনেকে কর্মস্থলে গিয়েও ভেতরে ঢুকতে পারেননি জমে থাকা পানির কারণে।
রাতের ভারি বর্ষণের পানি অপসারণের ব্যবস্থা না থাকায় সচিবালয়ের ভেতর হাঁটুসমান পানি জমে যায়। জমে থাকা পানি এক পর্যায়ে সচিবালয়ের প্রায় সকল ভবনের ভেতরে ঢুকে পড়ে। পানি ঢুকে লিফটগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। কর্তৃপক্ষ বাধ্য হয়ে লিফট ব্যবহার বন্ধ করে দেয়। বিকেলে দমকল বাহিনীর সদস্যরা পানি সেচে মাত্র একটি লিফট চালু করতে পারে।
সচিবালয়ে কর্মকর্তা ও কর্মচারিদের উপস্থিতির হারও ছিল অনেক কম। অন্যদিনের তুলনায় মাত্র ২৫ থেকে ৩০ শতাংশ উপস্থিতি ছিল রোববার। দর্শনার্থীর সংখ্যাও ছিল হাতেগোনা। বিকেল তিনটার আগেই অফিসগুলো খালি হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপস্থিত কর্মচারিরা সচিবালয়ের ভেতরে পানিতে ভেসে বেড়ানো অবস্থায় অন্তত তিনটি মাগুর মাছ ধরেছে। পয়ঃনিস্কাষণের ড্রেন থেকে এসব মাগুর মাছ সচিবালয়ের জমে থাকা পানিতে চলে আসে।
