২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমান দুর্ঘটনার তিনদিন পরও চট্টগ্রামে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ

চট্টগ্রামে বিমানের ডিসি ১০ উড়োজাহাজ দুর্ঘটনার তিনদিন পর রোববারও শাহ আমানত বিমানবন্দর আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের জন্যে উন্মুক্ত করা যায়নি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2005, 03:33 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

তবে শনিবার সকাল থেকে বিমানবন্দরে সবধরনের অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল অব্যাহত রয়েছে।

সিভিল এভিয়েশন সূত্র জানায়, প্রবল ঝড় বৃষ্টির কারণে দুর্ঘটনা কবলিত ডিসি ১০টির উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। উদ্ধার তৎপরতার অংশ হিসেবে রোববার উড়োজাহাজটির জ্বালানি তেল সরিয়ে ফেলা হয়।

এদিকে বিমান সূত্র জানায়, দুর্ঘটনা কবলিত ডিসি ১০ উড়োজাহাজটির ব্রিটিশ বীমা সংস্থা লয়েড ডেভিড ইন্স্যুরেন্স কোম্পানির প্রতিনিধি পিটার টায়রার সিঙ্গাপুর থেকে শনিবার রাতেই দেশে আসেন। রোববার সকালে তিনি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।

সূত্র মতে, বীমা প্রতিনিধির সুবজ সংকেত পেলেই ডিসি ১০টিকে বাতিল লোহা লক্কড় হিসেবে ঘোষণা করা হবে। সেক্ষেত্রে এটিকে কেটে টুকরো করে সরিয়ে ফেলা অনেক সহজ হবে।

এদিকে ওই ফ্লাইটটির পাইলট ও কো পাইলটকে নিয়ে মাদকাসক্তির যে গুজব রটেছে, তার তীব্র প্রতিবাদ করেছেন বাংলাদেশ এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশন (বাপা) সভাপতি ফ্লাইট ক্যাপ্টেন নাসিম। বিডিনিউজকে তিনি বলেন, এটি নেহাতই একটি উদ্দেশ্যমূলক প্রচারণা।

তিনি বলেন, বরাবরই দেখা যায়, বিমান দুর্ঘটনার পর কতিপয় মিডিয়া ও বিমান কর্মকর্তা সব দোষ পাইলটের ওপর চাপাতে ব্যস্ত থাকে। কিন্তু তদন্তাধীন বিষয়ে প্রযুক্তিগত অভিজ্ঞতা ছাড়া কারো এধরনের মন্তব্য করা উচিত নয়।

বিমানের দুবাই থেকে আসা ডিসি ১০ উড়োজাহাজটি শুক্রবার সকালে ২০০ যাত্রী নিয়ে চট্টগ্রাম বিমানবন্দরে দুর্ঘটনায় পড়ে। এতে উড়োজাহাজটি ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্যে সকল যাত্রী প্রাণে বেঁচে যান।