উন্নয়নশীল দেশগুলোর জন্য শুল্কমুক্ত সুবিধা প্রদান বিষয়ক আইনের প্রস্তুতি সম্পন্ন
বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোকে যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত সুবিধা প্রদান করতে মার্কিন কংগ্রেসে আইন প্রণয়নের প্রাথমিক প্রস্তুতি চূড়ান্ত হওয়ার পথে বলে জানা গেছে।
সম্প্রতি অনুষ্ঠিত ট্রেড (টিআরএডিই--ট্যারিফ রিলিফ অ্যাসিসটেন্স ফর ডেভেলপিং ইকনোমিজ) নামে পরিচিত এই সুবিধাভোগী দেশসমূহের রাষ্ট্রদূতদের এক বৈঠকে বলা হয় যে ডিআর-সিএএফটিএ (ডোমিনিকান রিপাবলিক অ্যান্ড সেন্ট্রাল আমেরিকান ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট) ইস্যুর পর এ সংক্রান্ত আইন তৈরিতে কংগ্রেসে উত্থাপনের জন্য যতটুকু প্রস্তুতি দরকার, ইতোমধ্যে তা সম্পন্ন হয়েছে। ওয়াশিংটন থেকে শনিবার প্রাপ্ত এক বার্তায় এ কথা জানা যায় ।
ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এ বৈঠকের আয়োজন করেন। বৈঠকে শ্রীলঙ্কা, কম্বোডিয়া ও নেপালের রাষ্ট্রদূতগণ এবং জাতিসংঘে তিমুর-লেস্টি ও সামোয়ার স্থায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এ বৈঠকে টিআরএডিই’কে সামনে এগিয়ে নেওয়ার লক্ষ্যে এর বর্তমান নীতিমালা ও কৌশল নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে টিআরএডিই’র ভবিষ্যৎ পরিকল্পনা এবং সুবিধাভোগী দেশগুলোর ঐক্যবদ্ধ থাকার বিষয়টিও ব্যাপক গুরুত্ব পায়।
বৈঠকে এসটিঅ্যান্ডআর’র প্রতিনিধিরা জানান, তৈরি পোশাক রপ্তানিকারকগণ প্রস্তাবিত আইনের প্রতি তাঁদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। এছাড়া যুক্তরাষ্ট্রের বাজারে স্বল্পোন্নত দেশগুলোর শুল্কমুক্ত প্রবেশ সুবিধার ব্যাপারে একযোগে কাজ করার বিষয়েও তারা ঐকমত্যে পৌঁছেছেন বলে জানা যায়।
এদিকে জানা গেছে যে ডিআর-সাফটা নিয়ে মার্কিন কংগ্রেসে বিতর্ক চলছে। গত ২৮ জুন সিনেট ফিন্যান্স কমিটি এ ব্যাপারে একটি বৈঠকে মিলিত হয় এবং এ সপ্তাহের মধ্যে একই ধরনের আরও একটি বৈঠক অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস (৪ঠা জুলাই) উপলক্ষে এক সপ্তাহের ছুটি শেষে এ বিষয়ে মার্কিন আইনসভার সদস্যদের মধ্যে ভোটাভুটি হতে পারে।
রাষ্ট্রদূতগণ আশা প্রকাশ করেন যে সাফটা বিষয়ক কার্যক্রম সমাপ্তির পর মার্কিন কংগ্রেস টিআরএডিই আইন বাস্তবায়নের বিষয়ে মনোযোগী হবে।
এক্ষেত্রে মার্কিন কংগ্রেসের রিপাবলিকান ও ডেমোক্র্যাট দলীয় প্রধান সদস্যদের সাথে সুবিধাভোগী দেশগুলোর রাষ্ট্রদূতদের আলোচনা সহায়ক হতে পারে বলে এসটিঅ্যান্ডআর পরামর্শ দিয়েছে।
বাংলাদেশের রাষ্ট্রদূত টিআরএডিই আইন ২০০৫ এর ব্যাপারে মার্কিন আইন প্রণেতাদের সমর্থন আদায়ে বাংলাদেশের প্রচেষ্টা সম্পর্কে বৈঠকে বিস্তারিত জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো ওই বার্তায় বলা হয়, এসটিঅ্যান্ডআর সুবিধাভোগী দেশগুলোর কার্যক্রমে গতিশীলতার ব্যাপারে আশাবাদী। কংগ্রেসের একটি প্রতিনিধি দলকে টিআরএডিই আইনের সম্ভাব্য সুবিধাভোগী দেশগুলো সফরের ব্যাপারে উৎসাহিত করার জন্যও পরামর্শ দেওয়া হয়েছে। চলতি বছরের মধ্যেই উচ্চ পর্যাযের একটি প্রতিনিধি দলের সফর আয়োজনের বিষয়ে এসটিঅ্যান্ডআর পরামর্শ প্রদান করেছে।
