বস্ত্রখাত রক্ষায় মালিকদের অন্তর্বর্তী পদক্ষেপ গ্রহণের দাবি
সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ভারত ও পাকিস্তানের সাথে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য দেশের বস্ত্র শিল্পকে আরও শক্তিশালী করতে এর মালিকরা অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের কাছে বেশকিছু অন্তবর্তীকালীণ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশ টেক্সটাইল মিল্স অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) চেয়ারম্যান এমএ আউয়াল বলেন, দেশের তৃতীয় সেক্টর হিসেবে ঘোষিত প্রাথমিক বস্ত্রখাত উন্নয়নে সরকার প্রতিযোগিতামূলক পদক্ষেপ গ্রহণ না করা পর্যন্ত এ খাত টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে। তাছাড়া কোটা পরবর্তী বিশ্ববাজারে আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের কারণে আমরা আমাদের বাজার হারাবো।
বিডিনিউজকে তিনি বলেন, বস্ত্রখাতকে আরও গতিশীল করতে অ্যাসোসিয়েশন ব্যাংকের গ্রাহক সম্পর্কের ভিত্তিতে উদ্যোক্তাদের ঋণ সুবিধা দেয়ার দাবি জানিয়েছে। তাছাড়া ব্যাংক সুদের হার সর্বোচ্চ ৭ ভাগ এবং ব্যাংক ঋণের হার ৮০:২০ নির্ধারণেরও দাবি জানিয়েছে অ্যাসোসিয়েশন।
পাকিস্তান সম্প্রতি তাদের ব্যাংক সুদের হার ১৭ দশমিক ১৪ ভাগ থেকে কমিয়ে ৩ দশমিক ৫ ভাগ করেছে এবং পোশাক রপ্তানির ক্ষেত্রে ১ দশমিক ৫ ভাগ হারে ভর্তুকি দেয়া শুরু করেছে। এদিকে ভারতও তাদের ব্যাংক সুদের হার ১৭ ভাগ থেকে কমিয়ে ৬ ভাগ করেছে।
গত ২৯ জুন অর্থমন্ত্রীর কাছে পাঠানো এক চিঠিতে অ্যাসোসিয়েশন জাতীয় বাজেটে ঢাকার বাইরে একটি টেক্সটাইল পার্ক স্থাপনসহ জাতীয় সমন্বয় পরিষদের (এনসিসি) প্রস্তাবকৃত কোনও সিদ্ধান্ত বাস্তাবায়নে পদক্ষেপ গ্রহণের কথা উল্লেখ করা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছে।
বিটিএমএ চেয়ারম্যান আউয়াল সতর্ক করে দিয়ে বলেন, ২০১০ সাল পর্যন্ত নগদ অর্থ সহায়তা ৫ থেকে ১৫ ভাগ বৃদ্ধি, কর্পোরেট আয়কর ১৫ ভাগ থেকে কমিয়ে ১০ ভাগ করা এবং কিছু কিছু ফাইবারের ওপর শুল্ক প্রত্যাহারের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করা পর্যন্ত দেশের টেক্সটাইল শিল্পের সহযোগী শিল্পগুলো ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হবে।
অর্থমন্ত্রণালয়ে পাঠানো ওই বার্তায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা না হলে শ্রীলংকা ও মোরিসাসের মতো আমাদের টেক্সটাইল খাতও ধ্বংস হয়ে যাবে বলে উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়, উৎপাদন খরচের ব্যবধানের কারণে ভারত ও পাকিস্তানের কাছে আমাদের টেক্সটাইল খাত মার খেয়ে যেতে পারে।
অ্যাসোসিয়েশন ২০০৫-২০০৬ অর্থবছরের বাজেটে কিছু রঙ ও কেমিক্যালের ওপর থেকে শুল্ক প্রত্যাহার অপ্রয়োজনীয় বলে উল্লেখ করে। তাছাড়া টেক্সটাইল শিল্প মালিকগণকে কিছু রঙ ও কেমিক্যাল আমদানি করতে ৭ দশমিক ৫ ভাগ রেয়াতি শুল্ক ছাড়াও মোট ৩২ দশমিক ৫ ভাগ শুল্ক দিতে হবে।
এতে দেশীয় পোশাক শিল্পের ওপর সার্বিকভাবে খারাপ প্রভাব পড়বে বলে বলেন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এমএ আউয়াল।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের কাঠে পাঠানো অন্য একটি চিঠিতে পোশাক শিল্প মালিকরা ‘ভিসকস স্ট্যাপল ফাইবার’ নামে বিশেষ এক ধরণের কাঁচামাল অন্তর্র্ভূক্ত করার এবং এটি থেকে শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
দেশের নিট ও তাঁত শিল্পে কাঁচামাল সরবরাহের ক্ষেত্রে বিটিএমএ হচ্ছে প্রধান সরবরাহকারী প্রতিষ্ঠান।
দেশের মোট রপ্তানি আয়ের শতকরা ৬৮ ভাগ আসে তৈরি পোশাক খাত থেকে। এ খাতে মোট ২ দশমিক ১ মিলিয়ন শ্রমিক কাজ করছে যাদের ৯০ ভাগই নারী শ্রমিক।
