কক্সবাজারে সামাজিক বনায়নের প্লট বরাদ্দে দূর্নীতির অভিযোগ
কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের অধীন ফুলছড়ি সদর বিটে সামাজিক বনায়নের প্লট বরাদ্দে চরম দূর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। নিয়মবহির্ভূতভাবে ৫০টি সামাজিক বনায়নের (উডলট) প্লট বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন সংশ্লিষ্ট রেঞ্জ ও বিট কর্মকর্তা।
ভূমিহীনদের এসকল প্লট বরাদ্দ দেয়ার নিয়ম থাকলেও এখানে তা মানা হয়নি। প্রভাবশালী রাজনীতিবিদরা স্বনামে বেনামে প্লটগুলো টাকার বিনিময়ে বরাদ্দ নিয়েছেন। এনিয়ে এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
এলাকাবাসী ও সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, ফুলছড়ি বিটের অধীনে চলতি বছর ৫০ হেক্টর বনভূমিকে সামাজিক বনায়নের আওতায় এনেছে বনবিভাগ। প্রতি হেক্টর একজন করে ভূমিহীনকে দেয়ার জন্য ৫০ জন ভূমিহীনকে এই ভূমি বরাদ্দ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
ওই সামাজিক বনায়নের প্লটগুলো কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের নিকটে হওয়ায় এই প্লট বরাদ্দ পেতে স্থানীয় প্রভাবশালী ও রাজনৈতিক দলের নেতারা আগ্রহী হয়ে উঠে। এ সুযোগকে কাজে লাগিয়ে ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা পরিমল চন্দ্র পাল ও বিট কর্মকর্তা শাহ মোঃ নোমান প্রতিটি প্লট বরাদ্দ দেয়া ব্যক্তিদের কাছ থেকে জনপ্রতি সর্বোচ্চ ৮০ হাজার থেকে সর্বনিু ৩০ হাজার টাকা পর্যন্ত আদায় করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এছাড়া কক্সবাজার সদরের ফুলছড়ি নতুন অফিস বাজারের উত্তর পূর্ব পাশে অবস্থিত প্লটগুলো আরও চড়া দামে বিক্রি করা হয়েছে। অভিযোগে আরও প্রকাশ, স্থানীয় অধিবাসীদের পাশাপাশি চড়া দামে বহিরাগত লোকজনও প্লট বরাদ্দ পেয়েছেন। এছাড়া বিগত বছর যারা সামাজিক বনায়নের প্লট বরাদ্দ পেয়েছিল এমন ব্যক্তিও এবং তাদের আত্মীয় স্বজনরা আবারও প্লট বরাদ্দ পেয়েছেন।
অপরদিকে কয়েকদিন আগে এই প্লট বরাদ্দ কমিটির সভায় বরাদ্দ বিষয়ে নানা অভিযোগ উঠায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয়নি বলে জানা গেছে।
