২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যারি কে টমাস শনিবার ঢাকা ছাড়ছেন

দু’বছরের আ্যাসাইনমেন্ট শেষে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাস শনিবার ঢাকা ত্যাগ করছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2005, 07:45 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

বিদায়ী রাষ্ট্রদূত হ্যারি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ১১তম মার্কিন রাষ্ট্রদূত। তিনি  মার্কিন পররাষ্ট্র দফতরের নির্বাহী সচিব হিসেবে কার্ল হফম্যানের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন।

নির্বাহী সচিবালয় যোগাযোগ, সমন্বয় ও নীতি নিয়ন্ত্রণে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কণ্ডোলিসা রাইসকে সহযোগিতা করে থাকে।

এর মাধ্যমে রাইস নীতি ঘোষণা করেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনা করেন।

২০০৩ সালের ১১ আগষ্ট হ্যারি কে টমাস বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে যোগ দেন। দায়িত্ব পালনকালে প্রায়ই তিনি বাংলায় বক্তৃতা দিয়ে ব্যাপক মিডিয়া কাভারেজ পেয়েছেন।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে টমাস সাংবাদিকদের বলেছিলেন, ‘আমাকে ব্যাপক কাভারেজ দেওয়ায় আমি বাংলাদেশের মিডিয়াকে ধন্যবাদ জানাই। যুক্তরাষ্ট্র নিবাসী আমার মা একথা উল্লেখ করেছেন।’ 

ঢাকায় টমাসের সঙ্গে বাস করতেন তার স্ত্রী এরিকা ও. স্মিথ-টমাস এবং মেয়ে কেসি মেরি ইউনিস টমাস।

ঢাকায় অবস্থানকালে তিনি জনসম্মুখে মানবাধিকার পরিস্থিতি উন্নয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন। বাংলাদেশের মানবাধিকার নিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদনের সূত্র ধরে মানবাধিকার বিষয়ে আলোচনার মাধ্যমে পরিস্থিতির উন্নয়নে তিনি বলিষ্ঠ ভূমিকায় ছিলেন। 

ধর্মঘটের নামে সন্ত্রাস এবং দমননীতির মাধ্যমে শাসনেরও সমালোচনা করেছেন তিনি।   

টমাস বাংলাদেশের রাষ্ট্রদূত থাকাকালে সাবেক পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল, প্রতিরক্ষা মন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড, ইউএসএআইডি’র প্রশাসক ন্যাটসিয়স, আণ্ডার সেক্রেটারি নিকোলাস বার্নস, শ্রম ষিয়ক আণ্ডার সেক্রেটারি গ্রিজার্ড, দক্ষিণ এশিয়া বিষযক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্রিষ্টিনা রোকা’র মতো সিনিয়র কর্মকর্তারা বাংলাদেশ সফর করেছেন।

রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজুদ্দিন আহম্মেদ এবং প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ শেষে তিনি বলেন, বাংলাদেশ সফর শেষে ফিরে যাওয়ার সময় মার্কিন কর্মকর্তারা বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক ধারণা নিয়ে গেছেন।

বাংলাদেশে দায়িত্ব পালনের সময় হ্যারি রাজনৈতিক সংষ্কারে গণতন্ত্রের উন্নয়ন প্রচেষ্টা এবং স্থানীয় শাসন ব্যবস্থার উন্নয়নের ওপর আলোকপাত করেন। 

এছাড়াও অপরাধী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও চরমপন্থীরা ভয়ভীতি প্রদর্শন করায় সাংবাদিকের  নিরাপত্তা ও স্বাধীনতার প্রশ্নে হ্যারি ছিলেন অত্যন্ত সোচ্চার।

সংবাদপত্রের স্বাধীনতার সমর্থনে ২০০৪ সালে হ্যারি দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্র কার্যালয় পরিদর্শনে যান।

তিনি বিচার বহির্ভূত হত্যারও সমালোচনা করেন।

হ্যারি চলে যাওয়ার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয় নতুন রাষ্ট্রদূত হিসেবে এখন পর্যন্ত কারও নাম ঘোষণা না করায় মার্কিন দূতাবাসের চার্জ ডি এ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করবেন মিশনের ডেপুটি চিফ জুডিথ এ চ্যামাস।