২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ভূমি রেজিস্ট্রেশন আইন শুক্রবার থেকে কার্যকর

দেশের ভূমি বিরোধ এবং ভূমি সংক্রান্ত অন্যান্য বিরোধ বন্ধ করতে শুক্রবার থেকে বহুল আলোচিত ভূমি রেজিস্ট্রেশন আইন কার্যকর হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2005, 10:01 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ বৃহস্পতিবার বিডিনিউজকে বলেন, ভূমি ব্যবস্থাপনা ও মালিকানার ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ভূমি রেজিস্ট্রেশন আইন সংশোধন বর্তমান সরকারের একটি যুগান্তাকারী পদক্ষেপ।

তিনি বলেন, আইন কার্যকর হওয়ার পর ভূমি বন্ধক ও ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে দলিল, হেবা ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ হবে। জমি নিয়ে সৃষ্ট বৈধ সমস্যার সমাধান অনেক সহজ হবে। নতুন এই আইনে জমির দলিল করার জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে।

আইন মন্ত্রী বলেন, ভূমির রেজিস্ট্রেশন, হেবা, দলিল ও বন্ধকের জন্য আলাদা ফরম তৈরি করা হয়েছে। সকল রেজিস্ট্রি ও সাব রেজিস্ট্রি অফিসে ইতোমধ্যেই নতুন ফরম পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, রেজিস্ট্রেশন, হেবা, দলিল ও বন্ধকী খরচ ধরা হয়েছে খুবই কম।

আইন মন্ত্রণালয় সূত্র জানায়, এবছরের শুরুতে রেজিস্ট্রেশন (সংশোধনী) আইন ২০০৪, সম্পত্তি হস্তান্তর আইন (সংশোধনী) আইন ২০০৪, বিশেষ সাহায্য (সংশোধনী) আইন ২০০৪ ও সীমাবদ্ধতা (সংশোধনী) আইন ২০০৪ পাশ হয়।

এ ব্যাপারে শিগগিরই পৃথক একটি আদালত প্রতিষ্ঠা করা হবে। এ সংক্রান্ত নিয়ম কানুন তৈরির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে এবং বিশেষজ্ঞগণ ইতোমধ্যেই আইনের খসড়া তৈরি করে ফেলেছেন। এই আদালত দ্রুততম সময়ে ভূমি সংক্রান্ত দেওয়ানী ও ফৌজদারী মামলার নিষ্পত্তি করবে।

সংশোধনী অনুযায়ী, সম্পত্তি হস্তান্তর, হেবা, বন্ধক ও ক্রয়ের জন্য রেজিস্ট্রেশন করা সকলের জন্য বাধ্যতামূলক করা হবে।

দেশের মোট ফৌজদারী মামলার কমপক্ষে ৭০ থেকে ৭৫ ভাগ মামলা ভূমি সংক্রান্ত বলে জানান ব্যারিস্টার মওদুদ আহমেদ।