সারাদেশে আ.লীগ ও জাসদের সকাল সন্ধ্যা হরতাল পালিত, ঢাকায় গ্রেফতার ৫০
প্রধান বিরোধী দল আওয়ামী লীগ ও জাসদের (ইনু) ডাকা সকাল-সন্ধ্যা হরতাল বৃহস্পতিবার সারা দেশে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। হরতাল চলাকালে রাজধানী ঢাকার কয়েকটি এলাকায় মিছিলে পুলিশের হামলা, লাঠিচার্জ, পুলিশ পিকেটার ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এসকল ঘটনায় অর্ধশতাধিক নেতা কর্মী আহত হয়। পুলিশ নগরীর বিভিন্ন স্থান থেকে কমপক্ষে ৫০ জনকে গ্রেফতার করেছে।
বাজেট সংশোধনে উত্থাপিত ১৩ দফা না মানার প্রতিবাদে ও জোট সরকারের পদত্যাগ দাবিতে এ হরতালের ডাক দেওয়া হয়।
হরতালের সমর্থনে পিকেটাররা যেখানেই রাস্তায় নেমেছে, সেখানেই পুলিশ ধাওয়া, লাঠিচার্জ ও টিয়ারগ্যাস দিয়ে তাদের ছত্রভঙ্গ করে।
তবে পুলিশ ছাড়াও বৃহস্পতিবারের হরতালে যুবদল নামধারী একদল যুবক নগরীর মৌচাক এলাকায় যুব মহিলা লীগের মিছিল ও কর্তব্যরত সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে। হামলাকারীদের মধ্যে সাইফুল ইসলাম নামে একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
হরতাল চলাকালে রাজধানীর বিভিন্ন বেসরকারী অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, মার্কেট ও বিপনী বিতানগুলো বন্ধ ছিলো। নগরীর অভ্যন্তরীণ বিভিন্ন রুটে বেশ কিছু বাস মিনিবাস চলাচল করে। তবে দুরপাল্লার কোনো বাস ছাড়েনি।
সকাল ৯ টায় মুক্তাঙ্গন থেকে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, হাবিবুর রহমান সিরাজ, হাজী মোহাম্মদ সেলিম, সেগুফতা ইয়াসমিন এমিলি, শাহীন মনোয়ারা হক, শাহে আলম মুরাদের নেতৃত্বে একটি মিছিল বের হয়।
সকাল ৭ টায় যুবলীগ সাধারণ সম্পাদক মির্জা আজম এমপি, মুজিবুর রহমান চৌধুরী, মহিউদ্দিন মহি, নুরুন্নবী চৌধুরী শাওনের নেতৃত্বে হরতালের সমর্থনে বঙ্গবন্ধু এভিনিউ এলাকায় মিছিল হয়। মিছিল নিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়।
সকাল সাড়ে ৯ টায় কাজী মাইনুদ্দিন মনির, তোফাজ্জল হোসেন, এ্যাডভোকেট সানজিদা খানমের নেতৃত্বে শ্যামপুরে জুরাাইন রেল গেট থেকে একটি মিছিল বের হলে পুলিশ ধাওয়া ও লাঠিচার্জ করে তা ছত্রভঙ্গ করে দেয়।
এর আগে সকাল সাড়ে ৭ টায় সাবেক এমপি আলহাজ্ব একেএম রহমত উল্লাহর নেতৃত্বে মহাখালিতে মিছিল বের করা হলে পুলিশ হামলা চালিয়ে দু’জনকে গ্রেফতার করে।
সকাল ১০ টায় ধানমণ্ডি ৩ নম্বর রোড থেকে মহিলা আওয়ামী লীগ সভানেত্রী আশরাফুন্নেসা মোশাররফ, সাধারণ সম্পাদিকা ফজিলাতুন্নেসা ইন্দিরা, ফরিদুন্নাহার লাইলীর নেতৃত্বে মহিলা কর্মীদের একটি মিছিল বের হয়। মিছিলটি ৫ নম্বর রোডের কাছাকাছি পৌঁছলে পুলিশ মিছিলে হামলা চালিয়ে দু’জনকে গ্রেফতার করে।
প্রায় একই সময়ে ধানমণ্ডি ৫ নম্বর রোড এলাকা থেকে যুব মহিলা লীগের একটি মিছিল বের হলে মিরপুর রোডে পুলিশ তাদের ধাওয়া করে। পুলিশের বেধড়ক লাঠিচার্জে এখানে কমপক্ষে ৫ জন আহত হয়। এখান থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়।
আব্দুর রাজ্জাক এমপি, মোহাম্মদ নাসিম এমপি, ড. আব্দুর রাজ্জাক এমপি, কর্ণেল (অব:) ফারুক খান এমপি, শাহজাহান খান এমপি’র নেতৃত্বে আওয়ামী লীগ সংসদীয় দলের একটি মিছিল মানিক মিয়া এভিনিউ থেকে বের হয়ে রাসেল স্কোয়ারে এসে সমাবেশ করে। সমাবেশে অধ্যাপিকা নাজমা রহমান, আব্দুল মতিন খসরু, কৃষক লীগ সভাপতি ড. মির্জা আব্দুল জলিল, যুবলীগ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক যোগ দেন।
এ এলাকায় মিছিল চলাকালে পুলিশ অতর্কিত হামলা ও লাঠিচার্জ করে ৫ জনকে গ্রেফতার করে।
এদিকে পুরান ঢাকায় কোর্ট কাচারি এলাকায় এ্যাডভোকেট কামরুল ইসলাম, আব্দুল্লাহ্ আবু, ইসরাফিল আলম, সুধীর কুমার হাজরার নেতৃত্বে আওয়ামী আইনজীবী পরিষদের একটি মিছিল বের হলে পুলিশ মিছিলে বাধা দেয়।
এদিকে হরতালের সমর্থনে মইন উদ্দিন খান বাদলের নেতৃত্বে জাসদ সকাল ১০ টায় বঙ্গবন্ধু এভিনিউ’র কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করে। মিছিলটি জিরো পয়েণ্টের কাছে পৌঁছলে পুলিশ বেধড়ক লাঠিচার্জ ও ধাওয়া করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে প্রায় ১০ জন আহত হয়।
