সীমান্তে প্রথমবারের মতো বিডিআর-বিএসএফ যৌথটহল
কুড়িগ্রাম জেলার রৌমারী ও রাজিবপুর সীমান্তে বুধবার বিডিআর এবং বিএসএফ যৌথভাবে চার ঘন্টা টহল দিয়েছে। উভয় দেশের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে প্রথমবারের মতো এ যৌথটহল অনুষ্ঠিত হয়।
সীমান্ত উত্তেজনা প্রশমন, দুদেশের মধ্যে ভাতৃত্ববোধ, শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখা এবং চোরাচালান প্রতিরোধ করতে যৌথটহল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
সংশ্লিষ্টরা জানান, রৌমারী ও রাজিবপুরের ১০৬৩ থেকে ১০৬৭ আন্তর্জাতিক সীমানা পিলার পর্যন্ত জিঞ্জিরাম নদীর কোল ঘেষে নো ম্যান্স ল্যান্ডে বিডিআর ও বিএসএফ যৌথভাবে দুপুর ১২ টা থেকে বেলা ৪ টা পর্যন্ত টহল দেয়।
এ সময় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ৩৯ বি ব্যাটালিয়নের বালিয়ামারি কোম্পানি কমান্ডার ইছা হক এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন মানকারচর হেড কোয়ার্টারের উপ অধিনায়ক এসি অনিল কুমার রায়। টহল দলে উভয় পক্ষে ১০ জন করে সদস্য ছিল।
সিদ্ধান্ত অনুযায়ী প্রতি মাসে তিন দিন করে যৌথটহল দেওয়া হবে। তবে পরবর্তী টহল কবে দেওয়া হবে এ বিষয়ে নিশ্চিত করে কেউ বলতে পারেনি।
