দেশী-বিদেশীদের ষড়যন্ত্র চলছে, বিদেশীদের সহায়তা নিয়ে ক্ষমতায় যাওয়া যাবে না
প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছেন দেশে আজ দেশি ও বিদেশিদের যৌথ ষড়যন্ত্র চলছে, বিদেশিদের সহায়তা নিয়ে ক্ষমতায় যাওয়া যাবে না। বুধবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট নিযে আলোচনায় তিনি এ কথা বলেন।
বিরোধী দলকে সংসদের আসার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের প্রধান বিরোধী দল সংসদে না এসে বাইরে বসে বাজেটের সমালোচনা করছে। সংসদে এসে তারা আলোচনা সমালোচনা করবেন-এটাই ছিলো দেশবাশীর প্রত্যাশা। কিন্তু তারা জনগণের দেয়া সে দায়িত্ব পালন করছে না। এটা দুঃখজনক।
তিনি বলেন, এই মহান সংসদে বিরোধী দলের ভূমিকা সাংবিধানিকভাবে নির্ধারিত বয়েছে। দুঃখের বিষয়, আমাদের প্রধান বিরোধী দল ট্রেড ইউনিয়নের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।
সংসদে বিরোধী দলীয় নেতার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “বিরোধী দলের নেত্রী বাইরে থেকে বাজেট সম্পর্কে কিছু ঢালাও কথা বলে বিদেশে চলে গেছেন। আগামী এক বছরের জন্য জাতির সবচাইতে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক দলিল যখন চুড়ান্ত হচ্ছে, তখন বিরোধীদলীয় নেত্রী তাতে অংশ নিলে সবাই খুশি হতো।”
নির্বাচনী বাজেট ঘোষণার সমালোচনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, জনগণের সরকার, জনগণের স্বার্থে বাজেট প্রণয়ন করবে-এটাইতো স্বাভাবিক। আমরা সেটাই করেছি।
তিনি বলেন, আমরা জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে ভোট পাই। সরকারে গিয়ে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করি। সেজন্য প্রতিবারের মতো এবারও আমরা বাজেটকে যথাসম্ভব কল্যাণমূখী ও গণমূখী করার চেষ্টা করেছি।
উচ্চাভিলাষী বাজেট প্রসঙ্গে তিনি বলেন, সমৃদ্ধি অর্জনের অভিলাষ না থাকলে কোন জাতি কখনো সাফল্য অর্জন করতে পারে না। তাই আমাদের বাজেটকে কেউ কেউ উচ্চাভিলাষী বলায় আমরা আহত হয়নি, বরং আমরা তাদের এ বক্তব্যকে সানন্দে গ্রহণ করেছি এবং কথা দিচ্ছি আমরা সর্বাত্মক চেষ্টা করবো অভিলাষকে বাস্তবে রূপায়িত করতে।
বাজেটে বৈদেশিক সহায়তা নিয়ে তিনি বলেন, প্রতিবছর বাজেটের কলেবর বাড়ছে, কিন্তু একই সঙ্গে কমে আসছে বিদেশি সহায়তার পরিমাণ। অমরা নিজেদের সম্পদ থেকেই এখন বাজেটের সিংহভাগ ব্যয় মেটাতে পারি। এই ধারা যদি মাঝপথে ব্যাহত করা না হয়, তাহলে, ইনশাআল্লাহ, অদূর ভবিষ্যতে বাংলাদেশ হবে পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ।
তিনি বলেন, চলতি অর্থবছরে ভয়াবহ বন্যা, হরতাল, ভাংচুরসহ ধ্বংসাত্মক রাজনৈতিক তৎপরতা, তৈরি পোশাক শিল্পে বিশ্বব্যাপী কোটা প্রথার অবসান এবং আন্তজার্তিক বাজারে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে বাংলাদেশের অর্থনীতি এক বিরাট চ্যালেঞ্জের মুখোমুখি হয়। খালেদা জিয়া বলেন, প্রাকৃতিক ও মানব-সৃষ্ট দুর্যোগ না হলে গত বছরের মতো এ বছরও জিডিপি প্রবৃদ্ধির হার ৬ শতাংশ ছাড়িয়ে যেতো।
কৃষিখাত প্রসঙ্গে তিনি বলেন, বিদায়ী অর্থবছরে সার ও বিদ্যুৎ-এর ওপর ভর্তুকি এবং কৃষিখাতে সহায়তা এক হাজার ৩শ’ কোটি টাকারও বেশি হয়। আগামী অর্থবছরে কৃষিখাতে সবমোট দুই হাজার ২শ’ ১৩ কোটি টাকার বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর ভর্তুকি ও সহায়তার পরিমান দ্বিগুণ করে এক হাজার ২শ’ কোটি টাকা রাখা হয়েছে।
তিনি আরো বলেন, আমরা বেসরকারি উদ্যোগে শিল্প প্রতিষ্ঠা এবং পর্যায়ক্রমে সরকারি মালিকানাধীণ শিল্প কারখানাকে বেসরকারিকরণের নীতি অনুসরণ করেছি। বিরাষ্ট্রীয়কৃত শিল্পের জনবলকে উপযুক্ত প্রশিক্ষণ ও ঋণ প্রদানের মাধ্যমে যথাযথভাবে পুনর্বাসনের কর্মসূচিও আমরা গ্রহণ করেছি।
প্রধানমন্ত্রী বলেন, সরকার কতৃক গ্রহীত বিভিন্ন পদক্ষেপের ফলে দেশে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। তাই দেশি-বিদেশি বিনিয়োগকারীরা ব্যাপক হারে শিল্প স্থাপনে এগিয়ে এসেছেন।
সরকারের চলমান উন্নয়নের ধারা উল্লেখ করে তিনি বলেন, চলতি অর্থবছরে রূপসা নদীর উপর খান জাহান আলী সেতু, আড়িয়াল খাঁ নদীর উপর হাজী শরিয়তুল্লাহ সেতু, পদ্ম নদীর পাকশীতে ফকির লালন শাহ সেতু এবং কুশিয়ারী সেতুসহ বেশ কয়েকটি সেতু নির্মাণ করে আমরা চলাচলের জন্য উন্মুক্ত করে দিয়েছি। আগামী অর্থবছরে তৃতীয় কর্ণফুলী, ততৃীয় বুড়িগঙ্গা, দ্বিতীয় শীতলক্ষ্যা ও দপদপিয়া সেতু নির্মাণসহ বিভিন্ন প্রকল্পের আওতায় প্রায় চার হাজার কিলোমিটার সড়ক উন্নয়নের কাজ আমরা হাতে নেবো। এর মধ্যে অর্ন্তভূক্ত আছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ডিভাইডারসহ চার লেইনে রূপান্তর করা হয়েছে।
শিক্ষা খাতের বাজেট বরাদ্দ বিষয়ে তিনি বলেন, মানব উন্নয়নের মূল উপাদান হিসেবে শিক্ষার ওপর সর্বাধিক গুরুত্ব দিয়ে এ খাতের জন্য অব্যাহতভাবে সর্বোচ্চ বাজেট বরাদ্দ রাখা হচ্ছে। নারী শিক্ষার প্রসারে আমরা উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত ছাত্রী উপ-বৃত্তি চালু করছি, যার ফলে, প্রাথমিক স্তরে বর্তমানে ছাত্র-ছাত্রীর অনুপাত প্রায় সমান হয়ে গেছে।
বাজেট ব্যক্তব্যের শেষে তিনি বলেন, সংসদে আলেচনা ও সংসদের বাইরে বিভিন্ন পেশাজীবি সংগঠন এবং অন্যান্যদের অনুরোধ ও প্রস্তাব বিবেচনায় এনে আমি অর্থমন্ত্রীকে কিছু কর প্রস্তাব পুনর্বিবেচনা করতে বলেছি।
